Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের বিক্ষোভ

কাঁকসায় বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের বিক্ষোভ
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: মঙ্গলবার কাঁকসার গোপালপুরে একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার কার্যালয়ের সামনে অস্থায়ী নিরাপত্তারক্ষীরা বিক্ষোভ দেখালেন। এদিন সকালে বকেয়া বেতনের দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, সময়ে বেতন দেওয়া হয় না। বেতন বাড়ানোও হয় না।
Advertisement
বিক্ষোভকারী সুকান্ত রায় বলেন, আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, নিরাপত্তারক্ষীদের মাসের ১৫ তারিখের মধ্যে বেতন দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই তারিখ পেরোলেও বেতন পাইনি। কারখানার শুরুর সময় আমাদের নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু একই পদে রাখলে বেতন বাড়াতে হবে দেখে পরে আমাদের পদমর্যাদা কমিয়ে দেওয়া হয়। এখন আমাদের কেয়ারটেকারের পদে রেখেছে। অথচ নিরাপত্তারক্ষীর কাজই করতে হয়। কাজ করলেও কোনও পে-স্লিপ দেওয়া হয় না।
বিক্ষোভকারীরা জানান, পাঁচশোর বেশি নিরাপত্তারক্ষী নিয়মিত সেখানে কাজ করছেন। খুবই সামান্য টাকা বেতন বাড়ছে। বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত। তাঁরা নির্দিষ্ট কাঠামোয় বেতন দেওয়ার দাবি তুলেছেন।
কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট উৎপল দত্ত বলেন, নিরাপত্তারক্ষীরা বহুদিন ধরে বঞ্চিত। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনকে বিষয়টি জানানো হয়েছে। দলের নেতৃত্বের সঙ্গে দুর্গাপুরে কয়েক দফা কথাও হয়েছে। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।
বিক্ষোভকারী রাজেশ রজক বলেন, আমি ১০বছর ধরে এখানে কাজ করছি। মাসের কোন তারিখে বেতন হবে, তার কোনও ঠিক থাকে না। অতিরিক্ত কাজ করার টাকা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে দেওয়া হয়। এবছর এখনও দেওয়া হয়নি। এখন বলা হচ্ছে, ওই টাকা জানুয়ারি মাসে দেওয়া হবে। আমরা বিক্ষোভ দেখালেই কর্তৃপক্ষ বলে, বিষয়গুলি দেখা হচ্ছে। কিন্তু এতদিনেও সমস্যা মেটানো হচ্ছে না।
কর্তৃপক্ষের তরফে সিদ্ধার্থ পাণ্ডে বলেন, সরকারি নিয়ম অনুসারে বছরে দু’বার বেতন বৃদ্ধি করা হয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাড়াতাড়ি সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ