সংবাদদাতা, মানকর: বাংলার বাড়ি প্রকল্পের তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে বুধবার বামপন্থী গণসংগঠন সমূহের যৌথ মঞ্চ কাঁকসা ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিল। এদিন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বামপন্থী কর্মী ও সমর্থকরা উপস্থিত হন। মিছিলে উপস্থিত কৃষক সভার সম্পাদক চিন্ময় নন্দী বলেন, ব্লকের অনেকেই রয়েছেন যাঁদের ঘর পাওয়া প্রয়োজন। কিন্তু ২০১৮ সালে তালিকায় নাম না থাকার জন্য তাঁদের বাড়িগুলিতে সার্ভে হচ্ছে না। আমরা বাড়িগুলি সার্ভে করে নির্দিষ্ট তথ্য বিডিওর কাছে নিয়ে গিয়েছি। সেইসব বাড়ির মানুষরাও এসে আবেদনপত্র জমা দিলেন। ব্লকজুড়ে সেই সংখ্যাটি প্রায় ২৬০০জন। তিনি আরও জানান, রঘুনাথ মুর্মু স্কুল সংলগ্ন এলাকা জমি মাফিয়ারা শাসক দলের প্রত্যক্ষ মদতে লুট করার চেষ্টা করছে। সেই জায়গা রক্ষা করার জন্য বিডিও এবং বিএলএলআরওকে আবেদন করা হয়েছে।



