Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় ভূমিদপ্তরের অফিসে ঢুকে আধিকারিকদের হুমকির অভিযোগ

কাঁকসায় ভূমিদপ্তরের অফিসে ঢুকে আধিকারিকদের হুমকির অভিযোগ
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: জমির রেকর্ডে নাম পরিবর্তনের দাবি জানিয়ে কাঁকসা ভূমিদপ্তরের অফিসে ঢুকে আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। সোমবারের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন আধিকারিক সহ কর্মীরা। বিষয়টি নিয়ে মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক অমিত চট্টোপাধ্যায় বলেন, ওই রেকর্ডের নাম পরিবর্তন ব্লক অফিস থেকে করা হয়নি। যদি কোনও বিষয়ে সমস্যা থাকে তাহলে অভিযোগ জানানোর নির্দিষ্ট জায়গা রয়েছে। এভাবে দপ্তরে গিয়ে জমির রেকর্ড পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করা যায় না। আমরা বিষয়টি দেখছি।
Advertisement
বিএলএলআরও দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্লকের মানিকাড়া মৌজার একটি জমি ২০১৪ সালে ভুল রেকর্ড হয়ে যায়। সেই সময় জমির আসল মালিক জমির অধিকার পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। জেলা প্রশাসনের নির্দেশে মহকুমা ভূমি ও ভূমি দপ্তর ত্রুটি সংশোধন করে দেয়। কিন্তু আচমকা সোমবার বিএলএলআরও দপ্তরে কয়েকজন হাজির হয়ে ওই জমির মালিকের নাম পরিবর্তনের কথা বলে। তারা দাবি করতে থাকে রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। দপ্তরের আধিকারিকরা তাদের একাধিকবার বোঝানোর চেষ্টাও করেন যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই ত্রুটি সংশোধন হয়েছে। কিন্তু উপস্থিত লোকজন সে কথা মানতে চায়নি। অভিযোগ, এরপরেই হুমকি দেওয়া হয় আধিকারিক সহ কর্মীদের। বিএলএলআরও দপ্তরের রেভিনিউ অফিসার বিজয় মাজি বলেন, রেকর্ড সংশোধনের যে বিষয়টি বলা হচ্ছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে। রেকর্ডে যা ভুল ছিল তা সঠিকভাবে সংশোধন করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে কোনও লিখিত অভিযোগ করা হয়নি। তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা রমন শর্মা বলেন, তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ মদতেই ব্লকজুড়ে এই হুমকি চলছে। আধিকারিকদের আইনগত কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত বলেন, তৃণমূল কোনওভাবেই এই ঘটনার সাথে যুক্ত নয়। জমির আসল মালিকই জমির দাবিদার। তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা বিজেপির স্বভাব।
সম্পর্কিত সংবাদ