Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকরতলায় বালিঘাটে বোমাবাজির ঘটনা, তৃণমূল নেতা ধৃত, ওসিকে ক্লোজ

কাঁকরতলায় বালিঘাটে বোমাবাজির ঘটনা, তৃণমূল নেতা ধৃত, ওসিকে ক্লোজ
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কাঁকরতলার জামালপুরে বালিঘাটে বোমাবাজির ঘটনায় থানার ওসিকে ক্লোজ করা হল। ওই ঘটনার জেরেই ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বোমাবাজির ঘটনায় পুলিস স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত করছে। ইতিমধ্যে এক তৃণমূল নেতা সহ ন’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত স্বপন সেন স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। বুধবার ধৃত তৃণমূল নেতা সহ ন’জনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার পথে ধৃত তৃণমূল নেতার সাফাই, তিনি চক্রান্তের শিকার হয়েছেন। বিচারক তদন্তের স্বার্থে শেখ আনারুল হক ও আবু বক্করকে দু’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকি সাতজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে। জেলার পুলিস সুপার আমনদীপ বলেন, সুয়োমোটো মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত সকলকেই গ্রেপ্তার করা হবে। 
Advertisement
গত মঙ্গলবার সকালে বালির গাড়ি থেকে আদায় করা টাকার ভাগ নিয়ে গ্রামের দুই গোষ্ঠী বিবাদে জড়ায়। ব্যাপক বোমাবাজি চলে। তাতে দু’জন জখম হয়েছেন। জখমদের মধ্যে শেখ সাত্তার এখনও চিকিৎসাধীন। এদিকে ঘটনার পরই পুলিসের তরফে সুয়োমোটো মামলা রুজু করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগে ২৯জনের নাম রয়েছে। সেই তালিকায় ধৃত তৃণমূল নেতার নামও ছিল। ঘটনার পরই পুলিস মোট ন’জনকে গ্রেপ্তার করে। যদিও বাকিরা এখনও অধরা। তাদের খোঁজে পুলিসের তরফে জোর তল্লাশি শুরু হয়েছে। 
বোমাবাজির ঘটনার পরই অবৈধ বালিঘাট নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল অবৈধ বালিঘাট নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেন, অবৈধ বালিঘাট আর চলবে না। পুলিস ব্যবস্থা নেবে। ওইদিন বোমাবাজির ঘটনায় বিরোধী শিবির শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব তুলে ধরেছিল। যদিও শাসক শিবির তা খারিজ করে দেয়। তবে স্থানীয় শাসক নেতা গ্রেপ্তার হতেই সরব হয়েছে বিরোধী শিবির। জেলা বিজেপির সহ সভাপতি দীপক দাস বলেন, দু’পক্ষেরই লোকজনই গ্রেপ্তার হয়েছে। দু’পক্ষই তৃণমূলের। আরও তো বাকি রয়েছে। যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, সবাই তৃণমূলের সঙ্গে যুক্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলে থেকে দলবিরোধী কাজ করলে প্রশাসন ব্যবস্থা নেবে। সেইমতো ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দুবিকাশ দাসকে ক্লোজ করা হয়েছে। আপাতত সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার তাঁর দায়িত্ব সামলাবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ