Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুকুরের মুখে ভ্রূণের ছবি ভাইরাল, চাঞ্চল্য সোনামুখীতে

কুকুরের মুখে ভ্রূণের ছবি ভাইরাল, চাঞ্চল্য সোনামুখীতে
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখী ব্লক হাসপাতালে শৌচাগারে এক মহিলার গর্ভপাত হয়েছিল। আর তার পরেই কুকুরে মুখে করে ভ্রূণ নিয়ে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। ঘটনাটি সোনামুখী হাসপাতালের বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হলে চাঞ্চল্য ছড়ায়। বর্তমান পত্রিকা ওই ছবির সত্যতা যাচাই করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিস জানিয়েছে, ওই ছবি সোনামুখী হাসপাতালের নয়। বিষ্ণুপুরের সিএমওএইচ গোপাল দাস বলেন, সোনামুখী হাসপাতালে যে মহিলার গর্ভপাত হয়েছে, তিনি মাত্র এক মাস ছয়দিনের অন্তঃসত্ত্বা ছিলেন। তাই যে ভ্রূণের ছবি ভাইরাল হয়েছে, তার সঙ্গে এই গর্ভপাতের কোনও সম্পর্ক নেই। ঘটনা শোনার পরেই আধিকারিকদের তদন্তে পাঠানো হয়েছিল। তাঁরা ওই মহিলার সঙ্গে কথা বলেছেন। কোচডিহির ওই গর্ভবতী মহিলা পেটব্যথার উপসর্গ নিয়ে সোমবার সোনামুখী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক তাঁর প্রস্রাব পরীক্ষার পরামর্শ দেন। সেইমতো ওই মহিলা হাসপাতালের শৌচাগারে যান। কিন্তু প্রস্রাবের সময় তাঁর গর্ভপাত হয়ে যায়। এরপরই তাঁর পরিবারের লোকজন নার্সদের বিষয়টি জানান। ওই মহিলাকে ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু পরে ওই ভ্রূণ শৌচাগারে আর দেখা যায়নি বলে মহিলার পরিবারের দাবি। এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের একপ্রস্থ বচসাও হয়। ওই মহিলাকে মঙ্গলবার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Advertisement
কুকুরে মুখে করে ভ্রূণ নিয়ে যাওয়ার একটি ছবি মঙ্গলবার সকালে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন, সেটি সোনামুখী হাসপাতালে গর্ভপাত হওয়া ভ্রূণ। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ছবিটি অস্পষ্ট হলেও কুকুরের মুখে ভ্রূণ বোঝা যাচ্ছে। সোনামুখী থানার এক আধিকারিক বলেন, এবিষয়ে কোনও অভিযোগ হয়নি। তবে হাসপাতালে দু’পক্ষের মধ্যে বচসা হয়েছিল। খবর পেয়ে পুলিস পাঠানো হয়। আমরা ঘটনার তদন্ত করেছি। যে ছবি ভাইরাল হয়েছে, তা সোনামুখী হাসপাতালের নয়।
সম্পর্কিত সংবাদ