সংবাদদাতা, রায়গঞ্জ: এক কুকুরের কামড়ে জখম প্রায় ১২ জন। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ ও ইটাহার এলাকায়। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে একের পর এক রোগী কুকুরের কামড়ে গুরুতর জখম অবস্থায় মেডিক্যালে আসতে শুরু করেন। মেডিক্যালের তরফ থেকে জানা হয়েছে, মোট ১২ জন জখম মেডিক্যালে এসেছিলেন চিকিৎসার জন্য। মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, ওই কুকুরটি ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের ঘুঘুডাঙ্গা এলাকায় ৬ জন, মহাদেবপুর এলাকায় চার ও ইটাহারের জামবাড়ি এলাকায় দু’জনকে ওই কুকুর কামড়ায়। জখমদের অনেকের হাত, পায়ে ক্ষত সৃষ্টি হয়। রায়গঞ্জের চেরামাটি এলাকার বাসিন্দা মনোয়ারা খাতুন বলেন, নার্সিংহোমে ডিউটির জন্য রায়গঞ্জে আসছিলাম। সেই সময় দুর্গাপুরের কাছে হঠাৎ ওই কুকুর পায়ে কামড় দেয়। ছাড়াতে গেলে আমার হাতেও কামড় দিয়েছে। রায়গঞ্জের মহাদেবপুর এলাকার বাসিন্দা শ্যামাপদ রায় জানান, রূপাহার থেকে ইটাহারের দুর্গাপুর পর্যন্ত কুকুরটি একাধিক লোককে কামড়েছে।
Advertisement
রায়গঞ্জ মেডিক্যালের ভারপ্রাপ্ত এমএসভিপি ভাস্কর দেবনাথ বলেন, কুকুরের কামড়ের সব রকম চিকিৎসা মেডিক্যালে রয়েছে। সেই অনুযায়ী চিকিৎসা করা হচ্ছে।



