Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাহুলের আশা ছাড়ল কেকেআর

ডিসেম্বরে রয়েছে আইপিএলের মিনি-নিলাম। তার আগে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে চর্চা জোরদার। শোনা যাচ্ছিল, এবার কলকাতা নাইট রাইডার্সে আসছেন লোকেশ রাহুল।

রাহুলের আশা ছাড়ল কেকেআর
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বরে রয়েছে আইপিএলের মিনি-নিলাম। তার আগে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে চর্চা জোরদার। শোনা যাচ্ছিল, এবার কলকাতা নাইট রাইডার্সে আসছেন লোকেশ রাহুল। দিল্লি ক্যাপিটালস নাকি তাঁকে ছেড়ে দিতে রাজি। আর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিরও প্রয়োজন রাহুলের মতো কাউকে। যিনি একাধারে ওপেন করবেন এবং নেতৃত্বও দেবেন। পাশাপাশি সামলাবেন উইকেটরক্ষার দায়িত্বও। কিন্তু শেষ পর্যন্ত দিল্লি ও কলকাতার মধ্যে রাহুলকে নিয়ে ঐকমত্যে পৌঁছনো যায়নি। বরং সেই রাস্তায় কাঁটাই থাকছে। রোহিত শর্মার কলকাতায় আসার সম্ভাবনাও কার্যত নেই। কয়েকদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের একটি পোস্টে তেমনই ইঙ্গিত স্পষ্ট। হিটম্যানের ছবি দিয়ে তাতে লেখা হয়েছে, ‘পরেরদিন সূর্য ওঠা নিশ্চিত, কিন্তু তা রাতে (নাইট) হওয়া অসম্ভব।’ এখানে যেভাবে ‘নাইট’ লেখা হয়েছে, তাতে নাইট রাইডার্সকেই বোঝানো হয়েছে।

Advertisement

আসলে রাহুলের বদলে দিল্লি যে ক্রিকেটারকে চাইছে, কলকাতা তাকে ছাড়তে নারাজ। জানা গিয়েছে, সুনীল নারিনকে চেয়েছিল দিল্লি। কিন্তু দলের সর্বকালের সেরা ম্যাচ উইনারকে কোনওভাবেই ছাড়বে না কেকেআর। এটা হলে সরাসরি বদলা-বদলি হত। কিন্তু সেই পথে কাঁটা। দিল্লির দ্বিতীয় দাবি ছিল, রাহুলের পরিবর্ত হিসেবে আসুক অঙ্গকৃশ রঘুবংশী ও রিঙ্কু সিং, উভয়েই। এতেও আপত্তি রয়েছে নাইটদের। তৃতীয় বিকল্প হিসেবে দেওয়া হয় অঙ্গকৃশ রঘুবংশী ও হর্ষিত রানার নাম। কিন্তু সেটাও পছন্দ হয়নি বেগুনি শিবিরের।
আসলে অঙ্গকৃশের সঙ্গে নাইটদের নতুন কোচ অভিষেক নায়ারের দীর্ঘদিনের সম্পর্ক। তরুণ ব্যাটারটির ব্যক্তিগত কোচ হলেন নায়ার। ফলে তাঁকে ছাড়ার প্রশ্ন নেই। অন্যদিকে, দিল্লির অন্যতম মালিক জেএসডব্লু’র সঙ্গে যুক্ত অঙ্গকৃশ। তাই ক্যাপিটালস তাঁকে পেতে মরিয়া। রিঙ্কু এবং হর্ষিত আবার কেকেআর থেকেই পরিচিতি পেয়েছেন। তাঁদের আপাতত ছাড়ার কোনও ভাবনাই নেই শিবিরে। দিল্লির প্রস্তাবে তাই সাড়া দেয়নি কলকাতা। অন্যদিকে, রাজধানীর টিমটি আবার রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে নিতে চলেছে। তাই রাহুল থাকলে তাদেরও অসুবিধা। ফলে দোটানায় পড়েছে দিল্লি ক্যাপিটালস।

Advertisement
সম্পর্কিত সংবাদ