নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরস্বতী পুজোর রাতে বেলেঘাটায় প্রকাশ্য রাস্তায় কাকাকে ছুরির কোপ। সোমবার বেলেঘাটা মেইন রোডে ঘটনাটি ঘটে। তার জেরে প্রৌঢ়ের হাতে গুরুতর চোট লাগে। আহতের নাম সৌরভ দাস। আটক করা হয়েছে ভাইপোকে। রাতেই যুবককে বেলেঘাটা থানায় তুলে আনা হয়। লালবাজার সূত্রে খবর, এদিন সন্ধ্যাবেলা কাকা-ভাইপোর মধ্যে গণ্ডগোল বাধে। তার জেরে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আচমকা ঘরের ভিতর থেকে ফল কাটার ছুরি নিয়ে আসে ভাইপো। এলোপাথারি চালাতে থাকে ছুরি। নিজেকে বাঁচাতে গিয়ে হাত তুলতেই কোপ এসে পড়ে। জখম হন সৌরভবাবু। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।



