সংবাদদাতা, আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি সাদা পোশাকের টিম তৈরি করে বীরপাড়ার কুখ্যাত ড্রাগ কারবারি অনিল প্রধানকে পাকড়াও করল পুলিস। রবিবার রাতের দিকে বীরপাড়ার নাংডালা রোডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের এলাকা থেকে ওই ড্রাগ কারবারিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের কাছ থেকে পুলিস প্রচুর পরিমাণ কাফ সিরাপও বাজেয়াপ্ত করেছে। ধৃতের সঙ্গে আরও কয়েকজন ছিল। তবে তারা পালিয়ে যায়। পুলিস বহু দিন ধরে ড্রাগ মাফিয়া অনিল প্রধানকে খুঁজছিল। সে দীর্ঘদিন ধরে ফেরার ছিল। বীরপাড়া থানার ওসি নয়ন দাস বলেন, সোমবার ধৃতকে আলিপুরদুয়ারে আদালতে তোলা হয়। আদালত ধৃতকে চার দিনের পুলিসি হেফাজতে পাঠিয়েছে। ধৃতকে জেরা করে তার সঙ্গীদের ধরার চেষ্টা চলছে।



