সংবাদদাতা, কাকদ্বীপ: পিছনে থাকা ২টি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন বেশ কয়েকজন পুলিসকর্মী সহ একজন গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার ঈশ্বরীপুর মোড়ে, ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডায়মন্ডহারবারের দিক থেকে একটি সরকারি বাস কাকদ্বীপে যাচ্ছিল। যাওয়ার পথে ওই বাসটি হঠাৎই ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পড়ে। ওই বাসের পিছনেই আসছিল সুন্দরবন পুলিস জেলার একজন অফিসারের গাড়ি। সেই গাড়িটিও বাসটির পিছনে দাঁড়িয়ে যায়। কিন্তু তখন পিছনে থাকা আর একটি মাছের গাড়ি এসে ওই অফিসারের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। ওই মাছের গাড়ির পিছনে আবার সুন্দরবন পুলিসের একটি বাস এসে ধাক্কা দেয়।
Advertisement
পরপর এই সংঘর্ষে গুরুতর আহত হয়ে পড়েন বেশ কয়েকজন পুলিসকর্মী সহ গাড়ির চালক। তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন সবাই সুস্থ রয়েছেন। এদিকে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১১৭ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ওই পুলিসকর্মীরা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ডিউটি করে কাকদ্বীপে ফিরছিলেন।



