Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার সংস্থার ডিরেক্টর

কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার সংস্থার ডিরেক্টর
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: ক্যারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট সংস্থার ডিরেক্টরকে বর্ধমান থেকে গ্রেপ্তার করেছে ছত্তিশগড় পুলিস। ধৃতের নাম সঞ্জয় গুপ্ত। সরবরাহ করা মাছ ও চিংড়ির খাবারের দাম বাবদ পাওনা কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 
Advertisement
বর্ধমান শহরের আলমগঞ্জে তার বাড়ি। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে তাকে ছত্তিশগড়ে পাঁচদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার আবেদন করেন তদন্তকারী অফিসার ইশা ওগরে। সেই আবেদন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতকে ছত্তিশগড়ের সিজেএম আদালতে ২৩ ফেব্রুয়ারির মধ্যে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ের একটি সংস্থা এ রাজ্যে মাছ ও চিংড়ির খাবার সরবরাহ করে। সেটির ক্যারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট হিসেবে কাজ করে সঞ্জয়ের সংস্থা। মাছ ও চিংড়ির খাবার ডিলারদের কাছে পৌঁছে দিয়ে তার দাম সংগ্রহ করে সেই টাকা খাদ্য প্রস্তুতকারী সংস্থার অ্যাকাউন্টে জমা করার দায়িত্ব ছিল সঞ্জয়ের সংস্থার। ২০১৯ সালের ২২ মে থেকে সেই বছরের অক্টোবর মাস পর্যন্ত ১৮ জন ডিলারকে ৮ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার ৪৯৪ টাকার মাছ ও চিংড়ির খাবার পৌঁছে দেয় এজেন্সি। মাছ ও চিংড়ির খাবারের দাম বাবদ সেই টাকা ডিলারদের কাছ থেকে তুলে ছত্তিশগড়ের সংস্থাটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার কথা ছিল। কিন্তু, তা করা হয়নি। বারবার তাগাদার পরও খাদ্য প্রস্তুতকারী সংস্থার অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। খাদ্য প্রস্তুতকারী সংস্থা ডিলারদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাঁরা টাকা মিটিয়ে দিয়েছেন। সেই টাকা এজেন্সি তুলে নিয়েছে। এরপরই খাদ্য প্রস্তুতকারী সংস্থাটির তরফে ছত্তিশগড়ের রাজনান্দগাঁও জেলার লালবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করে তদন্তে নামে লালবাগ থানার পুলিস। অভিযুক্ত সংস্থার ব্যাঙ্ক স্টেটমেন্ট সংগ্রহ করেন তদন্তকারী অফিসার। তা থেকে অর্থ আত্মসাতের বিষয়টি সামনে এসেছে বলে ছত্তিশগড় পুলিসের দাবি। এরপরই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। যদিও ধৃতের আইনজীবী মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে জামিন চান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ