নয়াদিল্লি: মঙ্গলবার হইহট্টগোলের মধ্যেই দিল্লি বিধানসভায় পেশ করা হল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার (ক্যাগ) রিপোর্ট। তারপরই রাজধানীতে ফের শুরু রাজনৈতিক তরজা। ক্যাগের রিপোর্টে দাবি করা হয়েছে, কেজরিওয়ালের আমলে চালু হওয়া আবগারি নীতির জেরে ২০০২ কোটি ৬৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে সরকারের। আর এই রিপোর্ট পেশ নিয়েই রীতিমতো হইচই শুরু করে দেন বিরোধী দল আম আদমি পার্টি (আপ) বিধায়করা। এর জেরে এদিনের জন্য সাসপেন্ড করা হয় বিরোধী দলনেত্রী আতিশী মারলেনা সহ ১৫ জন আপ বিধায়ককে।
Advertisement
অরবিন্দ কেজরিওয়াল সরকারের সময় চালু হওয়া আবগারি নীতির জেরে ধাক্কা খেতে হয়েছিল আপকে। দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকেও। দিল্লিতে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের প্রচারে এই দুর্নীতিকে হাতিয়ার করেছিল বিজেপি। এবার ভোটে জিতে বিধানসভায় পূর্ততন আপ সরকারের আবগারি নীতি নিয়ে ক্যাগের রিপোর্ট পেশ করল বিজেপি সরকার। রিপোর্টে বলা হয়েছে, ওই নীতিতে বহু জায়গায় জমি ব্যবহারের নিয়ম না মানায় খুচরো দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। এর জেরে প্রায় ৯৪১ কোটি ৫৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ১৯টি জোনে ব্যবসায়ীরা লাইসেন্স স্যারেন্ডার করলেও নতুন করে আর বরাত দেওয়া হয়নি। ফলে মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে দিল্লির সরকার। এতে মোট ৮৯০ কোটি ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর পাশাপাশি করোনার নামে লাইসেন্স ফি মকুবের জেরে প্রায় ১৪৪ কোটি টাকা এবং সঠিকভাবে সিকিউরিটি ডিপোজিট সংগ্রহ না করায় ২৭ কোটি টাকার লোকসান হয়েছে।



