Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজে নিম্নমানের অভিযোগ তুলে অলিহোণ্ডা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ

কাজে নিম্নমানের অভিযোগ তুলে অলিহোণ্ডা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: কাজে নিম্নমানের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি। শুক্রবার মালদহের চাঁচল ১ ব্লকের জোট পরিচালিত অলিহোণ্ডা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভের  ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। আড়াই লক্ষ টাকা খরচে গ্রাম পঞ্চায়েতে একটি রান্নাঘরের কাজ শুরু হয়েছে। অভিযোগ, সেই ভবন নির্মাণে নিম্নমানের ইট, বালি ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা যাচ্ছে। সময়ের আগে শাটারিং খুলে নেওয়ায় ছাদের নীচের দিক ফুলে গিয়েছে। বাধ্য হয়ে এলাকাবাসী ও তৃণমূল কর্মীরা এদিন বিক্ষোভ দেখান।
Advertisement
বিক্ষুব্ধ নাসিম আক্তার বলেন, যেভাবে কাজ করা হচ্ছে, তাতে বেশিদিন টেকসই হবে না। আরেক বাসিন্দা মসলেমুদ্দিনের হুঁশিয়ারি, কাজের গুণগত মান ঠিক না হলে কাজ করতে দেওয়া হবে না। 
বিক্ষোভে শামিল চাঁচল ১ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহকারী সভাপতি জাকির হোসেনের অভিযোগ, জোটের প্রধান মানুষের কথা ভেবে কাজ করছেন না। ঠিকাদারকে মদত দিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। যদিও জোটের প্রধান সুলতানা খাতুনের দাবি, নিয়ম মেনেই কাজ চলছে। রাজনীতি করার জন্য এধরনের প্রতিবাদ হচ্ছে। চাঁচলের মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায় বলেন, অভিযোগ হলে বিষয়টি সংশ্লিষ্ট বিডিওকে খতিয়ে দেখতে বলা হবে।
সম্পর্কিত সংবাদ