চাপ কাটিয়ে লড়ছে কিউয়িরা
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্রাইস্টচার্চ: প্রথম টেস্টের শেষদিনে বোলারদের ব্যর্থতায় আসেনি জয়। দ্বিতীয় টেস্টের প্রথমদিনেও যশপ্রীত বুমরাহ ব্রিগেড সাদামাটা। আরও একবার টস জেতার সুবিধা কাজে লাগাতে পারলেন না বোলাররা। অসমান বাউন্স ও গতিময় উইকেটে আকাশ দীপ ছাড়া কাউকেই সেভাবে কার্যকরী দেখাল না। ফলে দিনের শেষে হ্যাগলি ওভালে বড়ো ইনিংসের ভিত গড়ে তুলেছে নিউজিল্যান্ড। স্কোর পাঁচ উইকেটে ২৪৬। ক্যাপ্টেন টম লাথাম ফিরেছেন ৫৯ রানে। আর এক ‘টম’ ব্লান্ডেলও পেরিয়েছেন পঞ্চাশের গণ্ডি। অসমাপ্ত ষষ্ঠ উইকেটে  গ্লেন ফিলিপসের সঙ্গে তাঁর জুটির মেয়াদ ২০ ওভারেরও বেশি। শনিবার কিউয়িরা সাড়ে তিনশোর বেশি রান বোর্ডে তুললে চাপে পড়তেই পারে সফরকারী দল। কারণ, রোজ রোজ তো আর পালটা হিসাবে সাতশো ওঠা সম্ভব নয়!

Advertisement

ভারত এদিনও মহম্মদ সিরাজকে এগারোর বাইরে রেখে নেমেছে। জায়গা হয়নি রবীন্দ্র জাদেজারও। তবে টেস্ট অভিষেক হয় গুরনুর ব্রারের। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় দলে আসেন তিনি। সকালের সেশনের শেষ বলে তিনিই প্রথম আঘাত হানেন ডেভন কনওয়েকে এলবিডব্লু করে। লাঞ্চে কিউয়িদের স্কোর ছিল ৭৭-১। পরিষ্কার, নতুন বলে প্রথম সেশনে ঝটকা দিতে ব্যর্থ পেসাররা। দ্বিতীয় সেশনে আকাশের দুরন্ত স্পেলে ম্যাচে ফেরে ভারত। তিনি একই ধরনের আউটস্যুইংয়ে ফেরান লাথাম ও রাচীন বরীন্দ্রকে (০)। এই সময় আকাশের স্পেল ছিল এমন ৭-৪-৭-২।
১১০ রানে পড়ে আরও একটি উইকেট। অংশুল কম্বোজের বলে ক্যাচ তোলেন হেনরি নিকোলস (১৬)। শেষ সেশনে পড়ে একটাই উইকেট। ওয়াশিংটন সুন্দরের শিকার হন ড্যারিল মিচেল (৩১)। কিন্তু চাপ কাটিয়ে তারপরই ব্লান্ডেল-ফিলিপস জুটি প্রাচীর গড়ে তোলে। যা ভাঙা যায়নি। চিন্তায় রাখছে বুমরাহর ছন্দে না থাকাও। টেস্টে ২৩২ বল তিনি উইকেটহীন। ওয়েলিংটনে শেষ ১৯.৪ ওভারে আসেনি সাফল্য। এদিনও ১৯ ওভার বল করলেন তিনি। কিন্তু উইকেট আসেনি। ভাগ্যিস, দুপুরের সেশনে আকাশ জোড়া ধাক্কা দিয়েছিলেন। নইলে আরও চাপে পড়ত টিম ইন্ডিয়া।
স্কোরবোর্ড: নিউজিল্যান্ড প্রথম ইনিংসে- লাথাম ক পন্থ বো আকাশ ৫৯, কনওয়ে এলবিডব্লু বো গুরনুর ৩১, নিকোলস ক আকাশ বো কম্বোজ ১৬, রাচীন ক পন্থ বো আকাশ ০, মিচেল ক জুরেল বো সুন্দর ৩১, ব্লান্ডেল ব্যাটিং ৫৩, ফিলিপস ব্যাটিং ৩৬, অতিরিক্ত ২০, মোট (৮৫ ওভারে) ২৪৬-৫। উইকেট পতন: ১-৭৭, ২-১১০, ৩-১১০, ৪-১১০, ৫-১৮৪। বোলিং: বুমরাহ ১৯-৪-৩৭-০, কম্বোজ ১৭-৫-৫৬-১, আকাশ ২১-৬-৫২-২, গুরনুর ১৯-৪-৫২-১, সুন্দর ৯-১-৩৬-১।