নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বুধবার আসানসোলের ছিল রেলের উচ্চ পর্যায়ের বৈঠক। আসানসোল ও মালদহ ডিভিশনের ডিভিশনাল কমিটির বৈঠকে ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। বৈঠকে সভাপতিত্ব করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এমপি কীর্তি আজাদ। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের বাঁকা লোকসভা কেন্দ্রের এমপি গিরিধারী যাদব, দুমকার এমপি নলিন সোরেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সংরক্ষিত টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়া নিয়ে লিখিত প্রশ্ন তোলেন কীর্তি আজাদ।
তিনি অভিযোগ করেন, দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ট্রেনগুলির কনফার্মড টিকিট বুকিং চালু হওয়ার ২-৫ মিটিনের মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে। পড়ে থাকছে ওয়েটিং লিস্টের টিকিট। এ থেকেই সন্দেহ হচ্ছে, নিশ্চয় কোনো বেনিয়ম হচ্ছে। তারপরই এ নিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন রেলকে। তিনি আক্ষেপ করছেন, সাধারণ মানুষ এই কারণে বঞ্চিত হচ্ছে।
রেল সূত্রে জানানো হয়েছে, এমপির প্রস্তাব আমরা পেয়েছি। আইআরসিটিসি রেলের একটি অন্য শাখা। তাঁরাই এটি নিয়ন্ত্রণ করে। তাঁদের কাছে এই অভিযোগটি তুলে ধরা হবে।
একাধিক ট্রেনের স্টপ দেওয়ারও অনুরোধ করেছেন তৃণমূল এমপি। সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সেপ্রেসের ওয়ারিয়া ও মানকরে স্টপ দেওয়ার অনুরোধ করেছেন। হাওড়া-সিউড়ি হুল এক্সেপ্রেসের স্টপ ওয়ারিয়াতে দেওয়ার অনুরোধ করা হয়েছে। হাওড়া-ধানবাদ কোল ফিল্ড এক্সপ্রেসের স্টপ বর্ধমানে দেওয়ার অনুরোধ করেছেন। মানিগ্রাম স্টেশনে একাধিক ট্রেনের স্টপের দাবি জানিয়েছেন। করোনা কালে বন্ধ হয়ে যাওয়া হাওড়া-মালদহ টাউন প্যাসেনজার, হাওড়া-রাজগির ফাস্ট প্যাসেনজার, কলকাতা-জসিডি প্যাসেনজার ট্রেন চালানোর আর্জি করা হয়েছে। একাধিক নতুন ট্রেন ও ট্রেনের সূচি বদলের আর্জি করেছেন তিনি। আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহার প্রতিনিধি হিসাবে বৈঠকে উপস্থিত হয়ে অভিনব মুখোপাধ্যায় কোলফিল্ডের পর হাওড়া যাওয়ার জন্য একটি সুপারফাস্ট ট্রেন দেওয়ার দাবি জানান।
বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে বলেন, এমপিরা তাঁদের ইমেইল আইডি ও ফোনে যাওয়ার ওটিপির মাধ্যমে একটি নির্দিষ্ট পোর্টালে গিয়ে অনলাইনেই বিভিন্ন প্রস্তাব ও দাবি জানাতে পারবেন। তিনি দাবি করেছেন, মাল্টি ট্রাকিং ও রেললাইনের সংখ্যা বৃদ্ধির কাজ চলছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে স্টেশনের উন্নয়ন হচ্ছে। রেলওয়ে ওভার ব্রিজ ও রোড আন্ডারপাস তৈরি করে লেভেল ক্রসিং গেটগুলি বন্ধ করা হচ্ছে। গীতিকা পান্ডে আসানসোল স্টেশনও পরিদর্শনও করেন। সঙ্গে ছিলেন ডিআরএম সংগ্রহ মৌর্য। ফাইল চিত্র



