Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খুঁটিপুজো করে ঘাটাল উৎসব ও শিশু মেলার মণ্ডপের কাজ শুরু

খুঁটিপুজো করে ঘাটাল উৎসব ও শিশু মেলার মণ্ডপের কাজ শুরু
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: দুর্গাপুজোর পরই ঘাটাল মহকুমার মানুষ যে উৎসবটির জন্য প্রতীক্ষায় থাকেন তা হল ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা’। তাই দুর্গাপুজোর মতো করেই বৃহস্পতিবার ‘খুঁটিপুজো’ করে মেলার মণ্ডপ তৈরির কাজ শুরু করা হল। মেলা কমিটির উদ্যোক্তারা জানান, এই মেলায় ঘাটাল মহকুমার বাসিন্দারা ছাড়াও পাশাপাশি জেলার বহু মানুষ নিয়মিত আসেন। মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আনন্দে মেতে উঠেন। তাই এটাও মহকুমার একটি বড় উৎসব। সেজন্যই এবার খুঁটি পুজো করে মেলার মণ্ডপ তৈরির কাজ শুরু করা হয়েছে। মেলাটি এবার ৩৬তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছর মেলা শুরু হয় ১৬ জানুয়ারি। শেষ হয় ২৫ জানুয়ারি। শুরুর প্রথম কয়েক বছর মেলাটি অরাজনৈতিকভাবে পরিচালিত হত। পরবর্তীকালে রাজ্যে যে দল যখন ক্ষমতায় থাকে তাদের দলের কর্মী, নেতা ও জনপ্রতিনিধিরাই মেলা পরিচালনা করেন। বিগত বছর থেকে শাসকদলের নেতা, কর্মী এবং জনপ্রতিনিদের মধ্যে মেলার ক্ষমতা দখল নিয়ে গণ্ডগোল শুরু হয়। এবছর মেলার প্রস্তুতি সভার মিটিং নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয়, জখমও হন কয়েকজন। অন্যান্য বছর ডিসেম্বের প্রথম সপ্তাহের মধ্যে মেলার মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে যেত। কিন্তু এবার শাসক দলের দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরে সেই  মেলার কমিটি গঠন হতেই অনেক দেরি হয়ে যায়। এবার ওই মেলার যুগ্ম সম্পাদক হয়েছেন দেব এবং ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা। মেলার সম্পাদক মণ্ডলীর সদস্য মিলন জানা ও সুদীপ মণ্ডল বলেন, ‘সংসদ সদস্য নিজে হাতে মেলার রাস ধরায় মেলার কলেবর আরও বৃদ্ধি পাবে। নামীদামি শিল্পীরা আসবেন। নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা থাকবে। সেজন্যই মণ্ডম তৈরির শুরুর দিন থেকেই আমরা সব কিছু উৎসবের আঙ্গিকে আয়োজন করছি। খুঁটি পুজোটি তার মধ্যে রয়েছে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ