নাগপুর: চলতি মরশুমে স্বপ্নের ফর্মে বিদর্ভ। বিজয় হাজারে ট্রফি জেতার পর রনজি ট্রফির ফাইনালে করুণ নায়াররা। বুধবার নাগপুরে খেতাবি লড়াইয়ে কেরলের বিরুদ্ধে নামছেন তাঁরা। ছন্দ ধরে রেখে ট্রফিতে চোখ বিদর্ভের। পক্ষান্তরে প্রথমবার রনজি ফাইনালে ওঠা কেরলও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত।
Advertisement
এখনও পর্যন্ত দু’বার রনজি চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ। গতবারও ফাইনালে খেলেছিল তারা। তবে মুম্বইয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার সেই আক্ষেপ মেটাতে বদ্ধপরিকর অক্ষয় ওয়াদকরের দল। চলতি রনজি ট্রফিতে নয় ম্যাচের মধ্যে আটটিতে জিতেছে বিদর্ভ। তাদের ব্যাটিংয়ে প্রধান ভরসা যশ রাঠোর। ৯ ম্যাচে ৯৩৩ রানের সুবাদে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। পাশাপাশি করুণ নায়ারের ব্যাট থেকে এসেছে আট ম্যাচে ৬৪২ রান। বোলিংয়ের স্তম্ভ হর্ষ দুবেও দুর্দান্ত ছন্দে। ৯ ম্যাচে তাঁর শিকার ৬৬। বলাই বাহুল্য, শক্তির নিরিখে ফেভারিট বিদর্ভই। তবে কেরলের পক্ষে আবার রয়েছে ভাগ্য। তারা যথাক্রমে ১ ও ২ রানের ব্যবধানে কোয়ার্টার ও সেমি-ফাইনালের গণ্ডি টপকেছে। ফাইনালেও তাই শচীন বেবিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বিদর্ভকে।



