Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেরকাটায় খেত পাহাড়া দিতে গিয়ে হাতির হানায় জখম তিন

খেরকাটায় খেত পাহাড়া দিতে গিয়ে হাতির হানায় জখম তিন
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: চিতাবাঘের হানায় আতঙ্কিত খেরকাটায় এবার হাতির হানা। শুক্রবার ভোরে নাগরাকাটার এক নম্বর আংরাভাষা গ্রামপঞ্চায়েতের উত্তর খেরকাটায় হাতির হামলায় তিনজন জখম হন। খেরকাটা জঙ্গল থেকে ছ’ সাতটির হাতির দল বেরিয়ে এসে উত্তর খেরকাটার ধান খেতে ঢুকে পড়ে। এলাকাটি হাতি অধ্যুষিত বলে গ্রামবাসীরা রাত জেগেই ধান খেত পাহাড়া দেন। বীরবাহাদুর মঙ্গর (৭০), সুখা ওরাওঁ(৬০), পাতিরাম ওরাওঁ (৬০) প্রতিদিনের মতো সেই রাতেও ধান খেত পাহাড়া দিচ্ছিলেন। সেই সময় খেরকাটা জঙ্গল থেকে হাতির দল ধান খেতে আসে। ওই তিনজন হাতি তাঁড়াতে যান। তাঁরা হাতির দলটিকে জঙ্গলে ঢুকিয়েও দিয়েছিলেন। কিন্তু একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁদের পাল্টা তাড়া করে। হাতির মারমুখীভাব দেখে তারা ভ্যাবাচেকা খেয়ে খান। হাতিটি তিনজনকে একসঙ্গে আক্রমণ করে। তারা চিৎকার করলে স্থানীয়রা এসে হাতিটিকে তাড়িয়ে দেয়। জখম তিনজনকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে বলেন, হাতির হামলায় জখম তিনজনকে  সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওই গ্রামে বনকর্মীদের টহলদারি আরও বাড়ানো হবে। এই গ্রামের এক কিশোরীকে বাড়ির উঠোন থেকে তুলে জঙ্গলে নিয়ে মেরে ফেলেছিল একটি চিতাবাঘ। এরপর এদিন হাতির হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ