Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়ারে নির্মিত হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, বিরোধিতা করে ‘রাজনীতি’ বিজেপির

খড়ারে নির্মিত হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, বিরোধিতা করে ‘রাজনীতি’ বিজেপির
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ‘নিয়ম মেনে’ খড়ার শহরে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ হচ্ছে না। এই অভিযোগ তুলে শহরে পোস্টারিং করল বিজেপি। বিজেপির অভিযোগ, যে সমস্ত এলাকা বন্যায় ডুবে যায়, সেখানে ডাম্পিং গ্রাউন্ড করার নিয়ম নেই। তা সত্ত্বেও খড়ার পুরসভা শহরের অত্যন্ত নিচু এলাকায় বিশাল টাকা ব্যয় করে একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হয়েছে। সেটা বাস্তবে কোনও কাজেই দেবে না। বিজেপির ওই পোস্টারিংয়ের বিষয়টি হাস্যকর বলে পাল্টা দাবি করেছেন চেয়ারম্যান সন্ন্যাসীচরণ দলুই। তিনি বলেন, ‘প্রজেক্টটি আমাদের প্রস্তাবে হচ্ছে না। রাজ্য নগর উন্নয়ন সংস্থার (সুডা) এক্সপার্ট ইঞ্জিনিয়াররা এলাকা পরিদর্শন করে গিয়ে ওই প্রকল্পের অনুমোদন দিয়েছেন। তাই বাস্তবে যদি সমস্যা থাকত, তাহলে বেশ কয়েক কোটি টাকার ওই প্রজেক্টটি তাঁরা অনুমোদন করতেন না।’ চেয়ারম্যানের সংযোজন, আসলে বিজেপির হাতে কোনও কর্মসূচি নেই, সেজন্য শুধু বিরোধিতার জন্য তারা এই ধরনের রাজনীতিতে নামছে।
Advertisement
খড়ার শহরে কোনও ডাম্পিং গ্রাউন্ড নেই। তাই সম্প্রতি শহরের ৮ নম্বর ওয়ার্ড দলপতিপুরে প্রায় এক একর জমির উপর ওই ডাম্পিং গ্রাউন্ডটির নির্মাণ কাজ শুরু হয়েছে। বর্তমানে প্রাচীর দেওয়ার কাজ চলছে।  বিজেপি নেতা তথা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের অভিযোগ, ডাম্পিং স্টেশনটি নিয়ম মেনে তৈরি হচ্ছে না। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গাইডলাইন অনুযায়ী যেসব এলাকা বন্যাপ্লাবিত হয়, সেখানে ডাম্পিং গ্রাউন্ড করা যায় না।  অথচ খড়ার পুরসভা বন্যাপ্রবণ এলাকাতেই ওই ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে। শিলাবতী বা ঝুমি নদীতে একটু জলস্ফীতি হলেই খড়ার শহরের ওই এলাকাটি ডুবে যায়। সরকারের টাকা নষ্ট করার জন্যই পুরসভা পরিকল্পিতভাবে ওখানেই ডাম্পিং গ্রাউন্ডটি তৈরি করছে। ওই ওয়ার্ডের কিছু চাষিও অবশ্য শীতলবাবুদের সঙ্গে সহমত পোষন করছেন। ওই মাঠের জমির মালিকদের আশঙ্কা, বন্যার জল বাড়লেই ডাম্পিং গ্রাউন্ডের সমস্ত আবর্জনায় চাষের জমি ভর্তি হয়ে যাবে।
অবশ্য এইসব আশঙ্কা যে মোটেই ঠিক নয়, সেকথা জানিয়েছেন খড়ার পুরসভার ইঞ্জিনিয়ার বামাপদ মাইতি। তিনি বলেন, ‘জনপদ থেকে দূরে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার মতো কোনও জায়গা আমাদের শহরে নেই। তাই শহরের ওই ওয়ার্ডটিকে বাছতে হয়েছে। সব চাইতে বড় বন্যা হলে জলস্তর কতটা ওঠে, সেটা আমরা জানি। ততটা উচ্চতা পর্যন্ত মাটি দিয়ে ভরাট করার ব্যবস্থা করা হবে। তারপর বেস লেভেলের ঢালাই করে প্রসেসিং ইউনিট করা হবে। তখন যত বড়ই বন্যা হোক না কেন, তাতে ডাম্পিং স্টেশন ডুববে না। সুডার বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররাও এলাকা পরির্দশন করে তেমনটাই নির্দেশ দিয়েছেন। তাই অযথা ডাম্পিং স্টেশন তৈরি নিয়ে বিরূপ বির্তক সৃষ্টি করা ঠিক হচ্ছে না।’ 
সম্পর্কিত সংবাদ