সংবাদদাতা, ইটাহার: প্রতিবেশীর মারধরে প্রায় দেড় মাস আর জি কর হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিত্সাধীন অবস্থায় দুদিন আগে জখম বৃদ্ধের মৃত্যু হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল পুলিস। মৃতের নাম মোজাবুল হক (৮১)। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পেশ করে ইটাহার থানার পুলিস। বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় আগেও দু’জন গ্রেপ্তার হয়েছিল।
Advertisement
জমি দখলকে কেন্দ্র করে মারধরের ঘটনাটি ৩ নভেম্বরের। ইটাহারের কাপাশিয়া গাছতলার ঘটনা। পুলিস সূত্রে জানা যায়, ৪ শতক বিতর্কিত জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ বাধে। বিবাদ গড়ায় হাতাহাতি, মারামারিতে। বাঁশ, লাঠি, রড নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়। মোজাবুলের মাথায় রডের আঘাত লাগে। মোজাবুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। পরে আর জি করে নিয়ে যাওয়া হয়। সেখানে মোজাবুলের অস্ত্রোপচারও হয়। তারপর বাড়ি নিয়ে আসা হয়।
দিন দশেক আগে আবার তাঁকে আর জি করে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। মৃতের বউমা রেনুকার অভিযোগের ভিত্তিতে আগেই মফিজুদ্দিনের দুই ছেলে মোশারফ হুসেন ও মাসুদ আলিকে গ্রেপ্তার করে পুলিস। মোশারফ শ্রীঘরে থাকলেও মাসুদের জামিন হয়। এবার এই ঘটনায় মূল অভিযুক্ত মফিজুদ্দিন ও তার স্ত্রী মসলেমা বিবিকে গ্রেপ্তার করল পুলিস।



