Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খানাকুলের পালানো বালক ও বালিকা উদ্ধার

খানাকুলের পালানো বালক ও বালিকা উদ্ধার
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: খানাকুল থেকে পালিয়ে যাওয়া বালক ও বালিকাকে কলকাতা থেকে উদ্ধার করল পুলিস। বুধবার সকাল ৯টা নাগাদ তারা দু’জন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে আট বছরের ওই বালককে হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার করা হয়। তার কিছু পরে শিয়ালদহের কাছে ফুটপাত থেকে ১১বছরের ওই বালিকাকে পুলিস উদ্ধার করে।
Advertisement
খানাকুল থানা এলাকার এক দম্পতি ওই বালক ও বালিকাকে দত্তক নিয়েছিলেন। বালক-বালিকার বাবা বলেন, বুধবার সকালে মেয়েটি মোবাইল নিয়ে খেলছিল। পরীক্ষার জন্য তাকে পড়তে বসতে বলা হয়। তার কিছু পরেই মেয়ে ও ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। নানা জায়গায় খোঁজখবর করেও তাদের পাওয়া যায়নি। অবশেষে আমরা থানার দ্বারস্থ হই।
পুলিস জানিয়েছে, ওই বালক ও বালিকা খানাকুলের বাড়ি থেকে হেঁটে আরামবাগে আসে। তাদের হেঁটে যাওয়ার ছবি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে। পরে আরামবাগ থেকে ট্রেনে তারা হাওড়া যায়। হাওড়া স্টেশন চত্বরে ওই বালককে উদ্ধারের পর তার দেখানো পথ ধরে গিয়ে পুলিস ওই বালিকাকে উদ্ধার করে। এছাড়া, নদীয়া জেলার হরিণঘাটা থানা এলাকার এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে গোঘাট থানার পুলিস।
সম্পর্কিত সংবাদ