নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রতীকী রাস্তা অবরোধ করল তৃণমূল কংগ্রেস। বুধবার খানাকুলের রাজহাটি ভীমতলায় ওই প্রতীকী অবরোধ হয়। এই অবরোধে তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক, নূর নবি মণ্ডল, যুব সভাপতি সন্দীপ মাইতি প্রমুখ যোগ দেন। খানাকুল থানার পুলিস গিয়ে অবরোধ তোলে।
Advertisement
তৃণমূল নেতারা বলেন, সম্প্রতি একটি পারিবারিক বিবাদ ঘিরে খানাকুলের বিজেপি বিধায়ক শাসকদলের নামে অপপ্রচার চালান। যে কোনও ঘটনায় উনি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে মানুষকে হয়রান করছেন। অযথা থানা ঘেরাও করেও বিক্ষোভ দেখাচ্ছেন। তার প্রতিবাদেই এদিন প্রতীকী অবরোধ করা হয়। বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, তৃণমূল বরাবর যে কোনও অন্যায়কে ধামাচাপা দেয়। খানাকুলেও সাম্প্রতিক ঘটনার মোড় ঘুরিয়ে দিতে চাইছে। প্রশাসনকে ব্যবহার করে তদন্ত প্রভাবিত করতেও চাইছে। যাতে অপরাধীরা শাস্তি না পায়।



