নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে রাখা ইমারতি দ্রব্য সরাল পুলিস। বৃহস্পতিবার সকালে খানাকুল থানার বিভিন্ন এলাকায় গিয়ে পুলিস নানা নির্মাণ সামগ্রী সরিয়ে দেয়। বিভিন্ন ব্যবসায়ীকে সতর্কও করা হয়। দ্রুত রাস্তার পাশ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুল রহমানের নেতৃত্বে নন্দনপুর, মারোখানা, শাবলসিংহপুর প্রভৃতি পঞ্চায়েত এলাকায় অভিযান চলে।
Advertisement
উল্লেখ্য, খানাকুল সহ আরামবাগ মহকুমায় ক্রমশ বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। তাতে প্রাণহানির ঘটনাও ঘটছে। সম্প্রতি পথ দুর্ঘটনা কমাতে পুলিস গুচ্ছ পদক্ষেপ নিয়েছে। বালি, পাথর, ইট প্রভৃতি নির্মাণ সামগ্রী রাস্তার পাশে পড়ে থাকার জেরে অনেক সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তাই সেইসব সামগ্রী রাস্তা থেকে সরাতে কড়া অবস্থান নিয়েছে পুলিস। পুলিস জানিয়েছে, কয়েকদিন পরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। যাতে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে কোনও ধরনের সমস্যা না হয়, সেই দিকটি নিশ্চিত করতেই রাস্তা পরিছন্ন রাখতে জোর দেওয়া হয়েছে। এদিন তাই ইমারতি দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সম্প্রতি রাস্তার ধারে পড়ে থাকা নানা ইমারতি দ্রব্য বাজেয়াপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেয় খানাকুল থানার পুলিস। পুলিসের এক আধিকারিক বলেন, সচেতন করার পরেও রাস্তায় ইমারতি দ্রব্য থাকলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



