Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খানাকুল-১ পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা, ফের তিন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা

খানাকুল-১ পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা, ফের তিন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: খানাকুল-১ পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা অব্যাহত। আরও তিন কর্মাধ্যক্ষ্যের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল কংগ্রেসেরই সদস্যরা। আগামিকাল, বৃহস্পতিবার ভোটাভুটি হবে। আরামবাগের মহকুমা শাসকের কার্যালয়ে ওই ভোটাভুটির সভা হবে। ওইদিনই পূর্ত কর্মাধ্যক্ষ পদেও ভোটাভুটির কথা রয়েছে। তবে সাতদিন আগে তা না জানানোয় ভোটাভুটির চিঠি গ্রহণ করেননি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বিরোধীরা তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলেছে। 
Advertisement
খানাকুলের বিধায়ক বিজেপির সুশান্ত ঘোষ বলেন, তৃণমূলের ভাগ বাঁটোয়ারা নিয়ে গণ্ডগোলের জেরে অনাস্থা আনা হল। বোর্ড গঠনের পর থেকেই উন্নয়ন থমকে আছে। সরকারি টাকা ফিরে যাচ্ছে। ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি বলেন, পূর্ত কর্মাধ্যক্ষ পদে অপসারণের অনুমোদন দিয়েছে দল। বাকি কর্মাধ্যক্ষ পদে অনাস্থা প্রস্তাব অনুমোদন করেনি দল। ফলে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনিয়ে পর্যালোচনা হচ্ছে। পূর্ত কর্মাধ্যক্ষ নইমূল হক ওরফে রাঙা বলেন, দলের নির্দেশমতো সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি। কিন্তু পূর্ত কর্মাধ্যক্ষের পদে দলের অনুমোদন না নিয়েই অনাস্থা আনা হয়েছে। জেলা সভাপতির অঙ্গুলিহেলনে এই কাজ হয়েছে। রাজ্য নেতৃত্ব এব্যাপারে পদক্ষেপ করুক। 
পঞ্চায়েত সমিতির সদস্য শেখ সাদাতুল্লা হোসেন, পীযূষ মাইতি বলেন, জনস্বাস্থ্য, বিদ্যুৎ ও শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ স্বেচ্ছাচারিতা করেছেন। বাকি সদস্যদের মতকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে কর্মাধ্যক্ষরা বলেন, নিয়ম মেনে পঞ্চায়েত সমিতির সমস্ত কাজ হচ্ছে। ভিত্তিহীন অভিযোগ তুলে অনাস্থা আনা হয়েছে। জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নাজিমুদ্দিন বলেন, নিয়ম অনুযায়ী সাতদিন আগে চিঠি দেওয়া উচিত। কিন্তু তা না হওয়ায় এদিন আমি চিঠি গ্রহণ করিনি। 
তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায় বলেন, নইমূল হকের অভিযোগ মিথ্যা। দলবিরোধী কার্যকলাপের জন্যই রা‌জ্য ঩নেতৃত্বের নির্দেশমতো তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত হয়েছে। বাকিদের বিরুদ্ধে অনাস্থার ব্যাপারে জানি না। 
সম্পর্কিত সংবাদ