সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের ইন্দা ও পুরাতন বাজারের মাঝে হাতিগোলা পোলের কাছে দীর্ঘদিন রাস্তা সংস্কার হয়নি। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে পথ চলতে দুর্ভোগে পড়তে হচ্ছে শহরের বাসিন্দাদের। ইন্দা থেকে রাস্তাটি পুরাতন বাজারের দিকে গিয়েছে। এই রাস্তা দিয়েই বাসিন্দাদের একটা বড় অংশ পুরাতন বাজার, কৌশল্যা, বোগদা, পুরসভা, মহকুমা হাসপাতাল, হাইস্কুল, প্রাইমারি স্কুল সহ সংশ্লিষ্ট এলাকায় যাতায়াত করেন। কাঁথি, দীঘাগামী বাস যাওয়ারও এটাই একমাত্র রাস্তা। হাতিগোলা পোলের তলা দিয়ে যাতায়াত করতে হয়। তার আগেই রাস্তার অবস্থা খারাপ। এরকম একটি ব্যস্ততম রাস্তার বুকে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। পিচ উঠে পাথর বেরিয়ে গিয়েছে। প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। বাসিন্দাদের অভিযোগ, এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না।
পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, রাস্তাটি কী অবস্থায় আছে, রাস্তাটি পুরসভা, রেল না পূর্ত দপ্তরের, তা খোঁজ নিয়ে দেখা হবে। দ্রুত যাতে সংস্কার হয় তার উদ্যোগ নেওয়া হবে। পূর্ত দপ্তরের খড়্গপুরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিবু বিশ্বাস বলেন, যে অংশ ভেঙে গিয়েছে, তা রেলের জায়গা, তাই আমরা সেখানে হাত দিতে পারি না। পূর্ত দপ্তরের যে অংশ, তা ভালো অবস্থায় আছে।
রেলের খড়্গপুরের সিনিয়ার ডিসিএম অলোক কৃষ্ণা বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পুরসভার কাউন্সিলার তপন প্রধান বলেন, যাতে দ্রুত রাস্তা সংস্কার হয়, তার জন্য রেলের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছি। বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরেই রাস্তাটির অবস্থা খারাপ। সম্প্রতি সাইক্লোন ‘ডানা’র প্রভাবে একটানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়। রাস্তার ওপর দিয়ে জল বয়ে যাওয়ায় পিচ রাস্তাটির আরও ক্ষতি হয়। ফলে বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। অবিলম্বে সংস্কার করা না হলে বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এক বাসিন্দা সমর দাস বলেন, বিভিন্ন কাজে এই রাস্তা দিয়ে প্রায় সব সময় যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরেই এই অবস্থায় দেখছি। সংস্কারের কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না। আর এক বাসিন্দা শেখ রহমান বলেন, আমরা সাধারণ মানুষ। রাস্তা কে সারাবে রেল, পূর্ত দপ্তর না পুরসভা, তা জানার কথা নয়। আমরা চাই রাস্তাটির দ্রুত সংস্কার করা হোক।