সংবাদদাতা, বর্ধমান: বাচ্চা ছেলেকে গালমন্দের প্রতিবাদ করায় প্রতিবেশী মহিলাকে মারধরের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার হয়েছে। ধৃতের নাম ইউনুস কাজি। বাড়ি খণ্ডঘোষ থানার মেটেডাঙায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, সোমবার বিকেলে ইউনুসের বাড়ির পাশে জড়ো করে রাখা মাটি নিয়ে তার পড়শির বাচ্চা ছেলেটি খেলছিল। সেজন্য ইউনুসের স্ত্রী ছেলেটিকে গালমন্দ করে। ছেলেটির মা সাবিনা বেগম প্রতিবাদ করলে তাঁকেও গালমন্দ করা হয়। এরপর ইউনুস ও তার স্ত্রী সাবিনাকে মারধর করে বলে অভিযোগ। তাঁর চীৎকার শুনে আশপাশের লোকজন এসে পরিস্থিতি সামাল দেয়। খণ্ডঘোষ হাসপাতালে সাবিনার চিকিৎসা হয়। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।



