সংবাদদাতা, বর্ধমান: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম নিশীথ মজুমদার। খণ্ডঘোষ থানার কুমিরকোলার কলোনিপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, শনিবার রাতে আড়াডাঙা–রুপসা রোডে ঘোরাঘুরি করছিল নিশীথ। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটকে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে গুলি ভর্তি একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয় বলে পুলিসের দাবি। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। ওইদিনই রাতে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতদের নাম জিতেন হেমব্রম ও শেখ ইয়াসিন। জামালপুর থানার গুড়েঘর ও নবগ্রামে ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, ওইদিন রাতে কানঘোষা বাসস্টপে যাত্রী প্রতীক্ষালয়ে বেশকয়েকজন জড়ো হয়েছিল। পুলিসকে দেখে বাকিরা পালিয়ে গেলেও ওই দু’জন ধরা পড়ে যায়। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি পাইপগান ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
বালির ট্রাক বাজেয়াপ্ত: বালিবোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করেছে মেমারি থানার পুলিস। ট্রাকের চালককেও গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, শনিবার রাতে জিটি রোড ধরে ট্রাকটি আসছিল। নুদিপুর মোড়ের কাছে পুলিস ট্রাকটি আটকায়।



