নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বৃহস্পতিবার খণ্ডঘোষে মাঠ কালীপুজোয় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। দক্ষিণ দামোদরের বাসিন্দারা ছাড়াও হুগলি, বাঁকুড়া থেকে বহু লোকজন পুজো দেখতে আসেন। ভিড় সামাল দিতে বড় পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছিল। স্থানীয়রা বলেন, খণ্ডঘোষ গ্রামে প্রতি বছর ফাল্গুন মাসের অমবস্যা তিথিতে মায়ের পুজো হয়। মাঠে দেবী পূজিত হওয়ায় মা মাঠকালী নামে পরিচিত। পুজো ঘিরে নানা মত প্রচলিত রয়েছে। প্রায় ৪০০ বছর আগে খণ্ডঘোষে মহামারী দেখা দিয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। তা থেকে রক্ষা পেতে মাঠ কালীর পুজো শুরু হয়। তারপর থেকে আর মহামারী দেখা যায়নি। পুজোর দিন প্রতিমায় রং করা হয়।
Advertisement
স্থানীয় বাসিন্দা সুকমল দালাল বলেন, খণ্ডঘোষের রায়পাড়া থেকে বোসপাড়া হয়ে মাকে মাঠে আনা হয়। সেই সময় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। নানা অলঙ্কারে মাকে সাজানো হয়। মায়ের কাছে এলে মনোস্কামনা পূরণ হয়। সেই বিশ্বাসে প্রতি বছরই লক্ষাধিক ভক্তের সমাগম হয়। একদিন পুজো হয়। সন্ধ্যা নামার আগে প্রতিমা বিসর্জন করা হয়।



