সংবাদদাতা, বর্ধমান: দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতদের নাম জহর আলি মিদ্যা ও মির রফিক। বাঁকুড়ার পাত্রসায়ের থানার বরকতচকে প্রথমজনের বাড়ি। অপরজনের বাড়ি খণ্ডঘোষ থানার কেশবপুরে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বর্ধমান-বাঁকুড়া রোডে লোদনা মোড়ে একটি পরিত্যক্ত ওয়েব্রিজের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই দু’জন। খবর পেয়ে পুলিস সেখানে হানা দেয়। পুলিসের গাড়ি দেখতে পেয়ে তারা দৌড় শুরু করে। তাড়া করে পুলিস তাদের ধরে ফেলে। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে একটি রিভলভার ও পাইপগান এবং দু’রাউন্ড গুলি মিলেছে বলে পুলিসের দাবি। কাউকে আগ্নেয়াস্ত্র ও গুলি সরবরাহের জন্য তারা সেখানে এসেছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে চারদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।



