সংবাদদাতা, শিলিগুড়ি: রাজাহোলিতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার এনজেপি থানায় বিক্ষোভ দেখান মৃতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। গত ১ নভেম্বর জুয়া খেলাকে কেন্দ্র করে টাকা চাওয়া নিয়ে বচসার জেরে মহম্মদ জুহুরি নামে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। মৃতের পরিবারের তরফে ১০ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল এনজেপি থানায়। তার ভিত্তিতে তদন্তে নেমে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। কিন্তু মৃতের পরিবারের অভিযোগ, ওই ঘটনায় বাকি অভিযুক্তরা গা ঢাকা দিয়ে আছে। পুলিস তাদের ধরতে কোনওরকম পদক্ষেপ করছে না। এনিয়ে এদিন এনজেপি থানার সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা থানায় স্মারকলিপিও দেন।



