Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খালতিপুর স্টেশনে কলকাতাগামী ট্রেনের স্টপ দেওয়ার দাবি সাবিনার

খালতিপুর স্টেশনে কলকাতাগামী ট্রেনের স্টপ দেওয়ার দাবি সাবিনার
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: কালিয়াচকের খালতিপুর স্টেশনে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেনের স্টপের দাবি জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার এই দাবিতে পূর্ব রেলের মালদহের ডিআরএমের সঙ্গে দেখা করেন তিনি। ট্রেনের স্টপ সহ বেশকিছু দাবি জানান ডিআরএমকে। 
Advertisement
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, খালতিপুরকে একটি মডেল স্টেশন করে সেখানে প্রতিদিন রাত ন’টা থেকে এগারোটার মধ্যে কলকাতাগামী দুটো ট্রেনের স্টপ দেওয়ার জন্য দাবি জানিয়েছি। 
মালদহ টাউন এবং নিউ ফরাক্কা স্টেশনের মাঝে কালিয়াচকে রয়েছে  খালতিপুর স্টেশন। বিভিন্ন লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন এই স্টেশনে দাঁড়ালেও দূরপাল্লা ট্রেনের কোনও স্টপ নেই। সাবিনা জানান, কালিয়াচকে বহু ব্যবসায়ী নিয়মিত কলকাতা যাতায়াত করেন। কলকাতা যাওয়ার জন্য তাঁদের হয় ইংলিশবাজারে এসে মালদহ টাউন স্টেশন থেকে ট্রেন ধরতে হয়, নয়তো ছুটতে হয় নিউ ফরাক্কা স্টেশনে। মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, খালতিপুরে কলকাতাগামী ট্রেনের স্টপ দিলে ব্যবসায়ীদের পক্ষে সুবিধে হবে। মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা বাড়ির কাছাকাছি স্টেশন থেকেই ট্রেন ধরতে পারবেন। 
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি সহ অসম রুটের কলকাতাগামী সমস্ত ট্রেনের স্টপ রয়েছে মালদহ টাউন স্টেশনে। বালুরঘাট, রায়গঞ্জ থেকেও কলকাতাগামী দুটো রাতের ট্রেন রয়েছে। এছাড়াও মালদহ টাউন স্টেশন থেকে ঐতিহ্যবাহী গৌড় এক্সপ্রেসও প্রতিদিন রাত সাড়ে নটায় কলকাতার উদ্দেশে রওনা হয়। এরমধ্যে থেকে যে কোনও দুটো ট্রেনকে কালিয়াচকের খালতিপুর স্টেশনে স্টপ দেওয়ার দাবি জানান সাবিনা। 
সম্পর্কিত সংবাদ