Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেলার মাঠ দখল করে নির্মাণ! আগের অবস্থায় মাঠ ফেরাতে নির্দেশ হাইকোর্টের

খেলার মাঠ দখল করে নির্মাণ! আগের অবস্থায় মাঠ ফেরাতে নির্দেশ হাইকোর্টের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মানিকপুরে প্রাথমিক স্কুলের খেলার মাঠ দখল করে নির্মাণকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, অবিলম্বে পুলিসকে ওই নির্মাণকাজ বন্ধ করতে হবে এবং জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলকে খেলার মাঠকে আগের অবস্থা ফিরিয়ে দিতে হবে। সেইসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, স্কুলের বাচ্চাদের খেলার মাঠ খুঁড়ে নির্মাণের এই প্রবণতা ভয়ঙ্কর। নির্দেশ কার্যকর করে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। মানিকপুরে প্রাথমিক স্কুলের খেলার মাঠ দখল করে নির্মাণের অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক অভিভাবক। তাঁর অভিযোগ ছিল, স্কুল লাগোয়া খেলার মাঠ বন্ধ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ হচ্ছে। ফলে শিশুদের আর খেলার জায়গা থাকবে না। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাস সওয়ালে বলেন, শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রত্যেকের স্কুলের সঙ্গে খেলার মাঠ থাকা জরুরি। প্রায় ৫০ বছর ধরে ওই মাঠ রয়েছে। এখন হঠাৎ কী প্রয়োজনে ওই মাঠ দখল করে নির্মাণ হচ্ছে? প্রাথমিক স্কুল কাউন্সিলের আইনজীবীও জানান, সেখানে খেলার মাঠ থাকা দরকার। ওই স্কুলের জায়গাটির জন্য বিএলআরও-কে নির্দেশ দেওয়া হোক। স্কুলের মাঠে নির্মাণকাজ হওয়া উচিত নয়। রাজ্যের আইনজীবী বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র অন্য জায়গা থেকে সরিয়ে ওখানে নিয়ে আসা হবে। তাই সেখানে নির্মাণ করা হচ্ছে। সমস্ত পক্ষের সওয়াল শুনে বিচারপতি বসুর প্রশ্ন, ‘কীভাবে এটা করতে পারেন? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে প্রাথমিক স্কুলের কী সম্পর্ক? নিজেদের নীতি পরিবর্তন করুন। কেন এ ভাবে নির্মাণ করতে হবে? দ্রুত ওই কাজ বন্ধ করুন। অন্য কিছু শুনতে চাই না। ওই মাঠের পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে দিন।’ এরপরই নির্মাণ কাজ বন্ধ করে মাঠ আগের অবস্থায় ফেরানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ