নয়াদিল্লি: বিরাট কোহলির সঙ্গে ঝামেলার জেরে একটা সময় ভারতের কোচের পদ থেকে সরতে হয়েছিল অনিল কুম্বলেকে। তবে ভিকে’র খারাপ সময়ে পাশে দাঁড়ালেন প্রাক্তন তারকা স্পিনার। সম্প্রতি বিরাটের উদ্দেশে মূল্যবান পরামর্শ দিয়েছেন কুম্বলে। তিনি বলেন, ‘প্রত্যেকের কেরিয়ারেই খারাপ সময় আসে। তবে বিরাটের ব্যাটিং দেখে মনে হচ্ছে, ও অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছে। ছন্দে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। সেটাই ওর বিপক্ষে যাচ্ছে। ওর উচিত ফর্ম নিয়ে বেশি না ভেবে খেলাটাকে উপভোগ করা। মনে রাখা দরকার, চাপমুক্ত মনেই কেরিয়ারের সেরা ইনিংসগুলো খেলেছে বিরাট।’
Advertisement
২০২৩ বিশ্বকাপের পর ওডিআইতে বিরাটের ব্যাটে মাত্র একটি অর্ধশতরান এসেছে। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য শুরুটা মন্দ করেনি কোহলি। তবে সেট হয়েও ২২ রানে উইকেট ছুড়ে এসেছেন। এই নিয়ে টানা ছ’বার স্পিনারের শিকার হলেন ভিকে। প্রসঙ্গক্রমে কুম্বলের সংযোজন, ‘বিরাট স্পিন ভালো খেলে। দুবাইয়ের উইকেটে স্ট্রাইক রোটেট করাটা জরুরি। কিন্তু ও বড় রানের জন্য ঝুঁকিপূর্ণ শট খেলছে।’ এরপর রোহিত শর্মা সম্পর্কে তিনি বলেন, ‘ওকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ওপেন করতে নেমে ও আগ্রাসী ক্রিকেট মেলে ধরার চেষ্টা করে। রোহিত জানে যে, ওর পরেও ভরসা করার মতো অনেক ব্যাটসম্যান রয়েছে। বিরাটকেও একই উপায়ে চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে।’



