Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেলার ছলে স্কেটিং করে পথে অসহায়দের সাহায্য শিবা, তাপসদের

খেলার ছলে স্কেটিং করে পথে অসহায়দের সাহায্য শিবা, তাপসদের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: সন্ধ্যা হতেই শিলিগুড়ি শহরের রাস্তায় সাপের মতো এঁকেবেঁকে ছুটে চলেছে একদল যুবক। কোনওদিন শহরে, কোনওদিন চম্পাসারি, ফুলবাড়ি, কখনও শহর ছাড়িয়ে গজলডোবা, রংটং পৌঁছে যাচ্ছে ঝড়ের গতিতে। দলে ১৫ থেকে ২০ জন। তবে বাইক বা স্কুটার নয়, রোলার স্কেটে ভর দিয়ে ওদের এই বিচরণ। ফিটনেস বজায় রাখতে খেলার ছেলে দু’বছর ধরে  চলেছে এই স্ট্রিট স্কেটিং। শহরে জেন জি-এর মধ্যে এটা নতুন ট্রেন্ড। 
Advertisement
কৃষ্ণ বর্মন, শিবা বর্মন, তাপস সরকার, শুভজিত্ রায়, সম্রাট সরকারদের এই দলে রয়েছে ২০ জন। শহর লাগোয়া জলেশ্বরী বাজার এলাকায় তাঁদের বাড়ি। নির্দিষ্ট ড্রেসকোড নেই। তবে সকলেই চেষ্টা করেন, কালো গেঞ্জি, প্যান্ট-ট্রাউসার পরতে। রোলার স্কেটে চড়ে ঝড়ের গতিতে  শহরের বিভিন্ন রাস্তায় রাত দশটা, এগারোটা পর্যন্ত ঘুরে বেড়ান তাঁরা। খেলার ছলে ফিটনেস বজায় রাখার পাশাপাশি  বহু ঘটনার সাক্ষীও থাকছেন তাঁরা। অনেক আর্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শিবা বলেন, আমরা প্রত্যেকেই পড়াশুনা করি। কয়েকজন কাজ করেন। পড়াশুনো ও কাজ শেষে সন্ধ্যার পর আমরা একটু আনন্দের মধ্য দিয়ে ফিটনেস বজায় রাখার জন্য স্কেটিং শুরু করেছিলাম দু’বছর আগে। এটা এখন নেশার মতো হয়ে গিয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় ঘোরার সময়  অনেক মজার, আবার দুঃখজনক ঘটনারও সাক্ষী হতে হয়েছে। রাতের রাস্তায় প্রায়শই অসহায় মানুষকে টোটো, অটো ধরে দেওয়া সহ বেশ কিছু ক্ষেত্রে সাহায্য করতে এগিয়ে যান তাঁরা। এরকম এক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শিবা বলেন, কিছুদিন আগে চম্পাসারি এলাকায় বাইক দুর্ঘটনায় এক ব্যক্তি জখম হয়ে রাস্তায় পড়েন। কেউ ওই ব্যক্তিকে তুলে চিকিৎসার ব্যবস্থা করতে এগিয়ে আসছিল না। আমরা পাশ দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে কাঁধে তুলে স্কেটিং করে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। এরকম আরও অনেক ঘটনা রয়েছে। শিবাদের এই উপস্থিতি ও  মানসিকতা সন্ধ্যার পর শহরের রাস্তায় ইভটিজিং, ছিনতাই  বন্ধ করতে এবং বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশেষ ভূমিকা নিতে পারে। এপ্রসঙ্গে শিবা, কৃষ্ণ, তাপসরা বলেন, আমরা ভেবেছি এ ব্যাপারে পুলিসের কাছে আবেদন জানাব। আমাদের কোনও টাকা দিতে হবে না। স্বেচ্ছাসেবক হয়েই আমরা এই স্ট্রিট স্কেটিংয়ের সময় শহরের বিভিন্ন প্রান্তের রাস্তার উপর নজর রাখব। প্রয়োজনমতো পুলিসকে জানিয়ে সাহায্য করব। অসহায় মানুষের পাশে দাঁড়াব। পুলিস অনুমোদন দিলে ফিটনেসের জন্য খেলার ছলে এই স্কেটিং অন্য মাত্রা পাবে।
সম্পর্কিত সংবাদ