Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেলার ছলে গলায় ফাঁস, মৃত্যু বালকের

খেলার ছলে গলায় ফাঁস, মৃত্যু বালকের
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: খেলার ছলে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল দশ বছরের বালকের। মৃত রাকিবুল ইসলামের বাড়ি কালিয়াগঞ্জের দক্ষিণ গৌরিপুর এলাকায়। তার দেহের পাশ থেকে মোবাইল ফোন উদ্ধার হওয়ায় পরিবারের অনুমান, কোনও ভিডিও দেখে রাকিবুল গলায় ফাঁস লাগায়। কিন্তু তা খুলতে না পেরে মৃত্যু হয় রাকিবুলের। 
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে রাকিবুল বাড়ির বারান্দায় খেলছিল। সেইসময় বাড়ি ফাঁকা ছিল। তার মা এসে দেখেন বারান্দার জানালায় লোহার শিকের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে রাকিবুল। তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়েছিল। রবিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়েছে। মৃতের বাবা আব্দুল রশিদ বলেন, আমি ছিলাম না। স্ত্রী আত্মীয়ের বাড়ি গিয়েছিল। আমাকে খবর দেয় ছেলে বারান্দায় গলায় গামছা লাগানো অবস্থায় ঝুলছে। ছেলে প্রায়ই মোবাইল নিয়ে বিভিন্ন ভিডিও দেখত। সেসব দেখেই কিছু করল কি না বুঝতে পারছি না।
এই ঘটনায় পরিবারের লোকের পাশাপাশি স্তম্ভিত প্রতিবেশীরাও। আব্দুল করিম বলেন, রাকিবুলের মা বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ি ঢোকার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তিনি বাড়িতে ঢুকেই চিৎকার করে ওঠেন। দৌড়ে গিয়ে দেখি বাচ্চাটি মেঝে থেকে চার ফুট উপরে জানলার সঙ্গে ঝুলছে এবং পাশে মোবাইল পড়ে রয়েছে।
মর্মান্তিক ঘটনায় বালকের অকাল প্রয়াণের পর রায়গঞ্জের মেডিক্যালের মনোবিদ সব্যসাচী মুখোপাধ্যায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিভাবকদের। তিনি বলেন, এধরনের ঘটনা ভীষণই দুঃখজনক। শিশুরা মোবাইলে কী দেখছে এবং ভাবছে, অভিভাবকদের সবসময় নজর রাখা উচিত। মোবাইল থেকে শিশুদের দূরে রাখার প্রয়োজন রয়েছে। মোবাইলে ভিডিও দেখার পর যদি শিশুদের মনে বিরূপ প্রভাব পড়ে, অবশ্যই মনোবিদের পরামর্শ নেওয়া উচিত।
সম্পর্কিত সংবাদ