Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খোলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার বাংলাদেশি

খোলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার বাংলাদেশি
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি। ধৃতকে মালদহ জেলার হবিবপুর থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম ফয়জল আহমেদ। বৃহস্পতিবার ধৃত বাংলাদেশিকে সিজেএম কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস।
Advertisement
মালদহ জেলা আদালতের সিজেএম কোর্টের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, এদিন ধৃতকে সিজেএম কোর্টে তুলে সাতদিনের পুলিসি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন।
জানা গিয়েছে, ফয়জলের সঙ্গে আরও অনেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।তবে বিএসএফ দেখে সবাই পালিয়ে যায়। ধরা পড়ে ফয়জল। হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের টিকাপাড়া এবং কেডিয়াপাড়া এলাকায় সীমান্তে টহলদারির সময় মানুষের আনাগোনা লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা। দৌড়ে গিয়ে তাঁরা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত বাংলাদেশি বিএসএফকে কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। এরপরই বিএসএফ বছর একত্রিশের ওই বাংলাদেশিকে পুলিসের হাতে তুলে দেয়।
হবিবপুর ব্লকের বৈদ্যপুর ও জাজইল গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় কুড়ি কিমি জায়গায় কাঁটাতার নেই। সীমান্তে এই এলাকায় কাঁটাতার না হওয়ায় প্রায়শই বাংলাদেশি গ্রেপ্তার হয়। সম্প্রতি গোরু ও মোষ পাচার করতে গিয়ে একাধিকবার বাংলাদেশি পাচারকারি গ্রেপ্তার হয়েছে। কখনও আবার ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও সীমান্তে জওয়ানরা সজাগ রয়েছেন বলে দাবি বিএসএফের।  
সম্পর্কিত সংবাদ