Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেলো ইন্ডিয়ায় যোগাসনে অংশ নেবে নদীয়ার আয়ুষ ও স্বপ্নজিৎ

খেলো ইন্ডিয়ায় যোগাসনে অংশ নেবে নদীয়ার আয়ুষ ও স্বপ্নজিৎ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: যোগাসনে ফের সাফল্য পেল নদীয়ার দুই স্কুলপড়ুয়া। নবদ্বীপের আয়ুষ ভৌমিক ও শান্তিপুরের স্বপ্নজিৎ নাথ এবার কেন্দ্রীয় সরকারের ‘খেলো ইন্ডিয়া’ প্রতিযোগিতায় যোগাসন প্রদর্শনের সুযোগ পেয়েছে। সম্প্রতি অসমের গুয়াহাটিতে পঞ্চম সাবজুনিয়র অ্যান্ড জুনিয়র ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে ১০-১৪বছর বিভাগে তারা অংশ নিয়েছিল। সেখানে আর্টিস্টিক ও রিদমিক পেয়ার ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে তারা খেলো ইন্ডিয়ায় সুযোগ পেয়েছে। আয়ুষ ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ট্রাডিশনাল ইভেন্টেও এককভাবে দ্বিতীয় হয়েছে।
Advertisement
সম্ভবত আগামী বছর ফেব্রুয়ারি মাসে গোয়ায় খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা হবে। রাজ্য থেকে ১০জন খেলো ইন্ডিয়ায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
অল বেঙ্গল যোগাসনার্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে প্রথমে জেলা, তারপর রাজ্য ও জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতা হয়। জাতীয় স্তরে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হলে খেলো ইন্ডিয়ায় সুযোগ মেলে। এবার জেলাস্তরের খেলা হয়েছিল শান্তিপুরে। সেখানে এই দুই পড়ুয়া প্রথম হয়। তারপর বোলপুরে রাজ্যস্তরের প্রতিযোগিতাতেও তারা প্রথম হয়েছিল। এবছর অসমের গুয়াহাটিতে জাতীয় স্তরের খেলা হয়। সেখানে তারা দ্বিতীয় হয়।
স্বপ্নজিৎ শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাঁসারিপাড়ার বাসিন্দা। সেখানকার মিউনিসিপাল হাইস্কুলের ছাত্র। তার বাবা সৌম্য নাথ ও মা পিয়ালি নাথ বলেন, চার বছর বয়স থেকেই ছেলে যোগাসন করছে। ছোটবেলায় ওর খুব ঠান্ডা লাগত। সেজন্য চিকিৎসক তাকে যোগাসন করার পরামর্শ দেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে একাধিক পুরস্কার পেয়েছে। এবার জাতীয়স্তরের যোগাসন প্রতিযোগিতায় ১০-১৪বছর বয়সের বিভাগে ‘আর্টিস্টিক ও রিদমিক পেয়ার’-এ আয়ুষের সঙ্গে দ্বিতীয় হয়েছে সে। আশা করছি, খেলো ইন্ডিয়া থেকেও ও পদক জিতে ফিরবে।
নবদ্বীপ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রানিরচড়ার বাসিন্দা আয়ুষ ভৌমিক। সে নবদ্বীপ হিন্দু স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। আয়ুষের বাবা ভোলানাথ ভৌমিক ও মা পিঙ্কি ভৌমিক বলেন, ছেলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পেয়ার ইভেন্টে দ্বিতীয় হয়ে খেলো ইন্ডিয়ায় সুযোগ পেয়েছে। সেইসঙ্গে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ট্রাডিশনাল ইভেন্টে এককভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
আয়ুষ রাজ্য স্কুল যোগাসন চ্যাম্পিয়নশিপেও সাফল্য পেয়েছে। স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই প্রতিযোগিতা হয়েছে। সেখানে নবদ্বীপের আয়ুষ এককভাবে ট্রাডিশনাল ও রিদমিক ইভেন্টে প্রথম হয়েছে। ১৫-১৮জানুয়ারি মহারাষ্ট্র্রের কোলাপুরে ন্যাশনাল স্কুল গেমসে অংশ নিতে চলেছে সে। এরাজ্য থেকে আয়ুষ সহ মোট পাঁচজন প্রতিযোগী ওই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে।
সম্পর্কিত সংবাদ