সংবাদদাতা, মালদহ: খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হলেন এক মহিলা সহ চারজন। আহতরা সকলেই একই পরিবারের সদস্য। শনিবার সকালে ঘটনাটি ঘটে ইংলিশবাজার থানার ব্যাসপুর এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যালে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজো উপলক্ষ্যে মালদহের বিভিন্ন জায়গায় গাই পাহুর খেলা হয়। মূলত যাদব সম্প্রদায়ের মানুষ এই খেলায় অংশ নেন। শুক্রবার রাতে ওই খেলাকে কেন্দ্র করেই বিবাদ বাধে দুই পরিবারের। তারই জেরে এদিন সকালে এদিন ফের সংঘর্ষ হয়। আহত হন ভোলা ঘোষ, মঙ্গল ঘোষ ও শেফালী ঘোষ। তাঁরা একই পরিবারের সদস্য। আক্রান্তদের অভিযোগ, রাম ঘোষ, মহাদেব ঘোষ, ঠাকুর ঘোষ প্রমুখ গতরাতের বিবাদের জেরে এদিন সকালে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাতেই আহত হন ওই চারজন। অভিযুক্তরা পলাতক বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। পুলিস জানিয়ে খেলার পাশাপাশি অন্য কোনও কারণে এই সংঘর্ষ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।



