সংবাদদাতা, কাঁথি: রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে খেজুরির হেঁড়িয়া শিবপ্রসাদ ইন্সটিটিউশন মাঠে পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা শুরু হল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) তথা জেলা বইমেলা কমিটির কার্যকরী সভাপতি শৌভিক চট্টোপাধ্যায়, কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য, বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র সহ অন্যান্যরা। বইমেলা সাতদিন ধরে চলবে। গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বইমেলার উদ্বোধন করার কথা থাকলেও তিনি আসেননি। মেলার প্রথম দিনেই স্টলে স্টলে বইপ্রেমী মানুষের ভিড় জমে যায়।
Advertisement
মেলায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা পাবলিশার্স, বুকসেলার্স ও লিটল ম্যাগাজিন মিলিয়ে ৮০টি স্টল রয়েছে। এদিন ‘বইয়ের জন্য হাঁটুন’ শীর্ষক বর্ণাঢ্য এবং সুসজ্জিত শোভাযাত্রা হেঁড়িয়া বাজার সহ আশপাশের এলাকা পরিক্রমা করে। তাতে বইপ্রেমী মানুষজন, স্কুল ছাত্রছাত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিরা শামিল হন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার সাতদিনে সাতটি প্রতীকী দিবস উদযাপন করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এছাড়া আলোচনা সভা, সাহিত্যবাসর, গ্রন্থপ্রকাশ সহ নানা কর্মসূচি। থাকছে আবৃত্তি, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ, অঙ্কন, নৃত্য, সঙ্গীত, নাটক প্রভৃতি। শিশু-কিশোর ও মহিলাদের জন্য থাকছে মিকিমাউস, কসমেটিকসের সম্ভার ও ফুডকোর্ট। বড়ি, পিঠেপুলি ও হস্তশিল্প প্রদর্শনীও রয়েছে। জেলা গ্রন্থাগার আধিকারিক বিদ্যুৎ দাস বলেন, ‘ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব’-এই আঙ্গিকে বইমেলার আয়োজন করা হয়েছে। শেষদিন ৭ ডিসেম্বর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রয়েছে।



