Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরিতে শ্মশানকালী পুজোয় মেতেছেন বাসিন্দারা  

খেজুরিতে শ্মশানকালী পুজোয় মেতেছেন বাসিন্দারা
 
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সৌমিত্র দাস, কাঁথি: খেজুরির লাখি পঞ্চায়েতের ধ্বজিভাঙা রাজীব স্মৃতি সঙ্ঘের আয়োজনে শ্মশানকালী মাতার পুজো ও মিলন উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা। ৩৫তম বর্ষের এই পুজো উপলক্ষ্যে মঙ্গলবার থেকে পাঁচদিন ধরে ধ্বজিভাঙা শ্মশান ময়দানে একগুচ্ছ অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। জমজমাট মেলা বসেছে। মঙ্গলবার থেকেই এলাকায় রীতিমতো  উৎসবের পরিবেশ। প্রতি বছর শিব চতুদর্শীতে এই পুজো শুরু হয়। শুধু ধ্বজিভাঙ্গা নয়, আশপাশের বেশ কয়েকটি গ্রাম সহ দূরদূরান্তের মানুষজন অনুষ্ঠানে শামিল হন। ভক্তিভরে পুজো দেন। সুদৃশ্য পুজোমণ্ডপ ও মাতৃপ্রতিমা সকলের নজর কেড়েছে। আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে উৎসব প্রাঙ্গণ। রাজীব স্মৃতি সঙ্ঘের আয়োজনে এই পুজো প্রতিবছরই এলাকায় সাড়া ফেলে। 
Advertisement
সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মহিলাদের ‘তুলি নিয়ে আঙিনা ভরো’ আল্পনা আঁকা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বুধবার কিশোর-কিশোরীদের নিয়ে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা ‘বসার জায়গা দখল করো’। এদিন যোগ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। রাতে বিশিষ্টদের উপস্থিতিতে পুজোর উদ্বোধনের পাশাপাশি ঘটোত্তলন হয়। পুজোপাঠ এবং শব্দহীন আতসবাজি প্রদর্শনের আয়োজন হয়। আজ, বৃহস্পতিবার রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা ‘রং দিয়ে কাগজ ভরো’। রয়েছে ৭-১৪বছর বয়সি মেয়েদের নিয়ে ‘ফুল কুড়ানো’ প্রতিযোগিতা।  রাতে যাত্রানুষ্ঠান রয়েছে। শুক্রবার রয়েছে ‘খেলো আর জিতো’ প্রতিযোগিতা। ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও পানীয় জলের সঙ্কটে আমাদের ভূমিকা’ বিষয়ক পৃথক আলোচনা সভার আয়োজন রয়েছে। সেখানে পুলিস-প্রশাসনের আধিকারিকরা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। রয়েছে মহিলাদের নিয়ে বেলুন দৌড়। রাতে বাইরের শিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠান রয়েছে। শনিবার বিনাব্যয়ে চক্ষুপরীক্ষা শিবির রয়েছে। মহিলাদের নিয়ে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। রয়েছে দিদি নম্বর-১ অনুষ্ঠান। অনুষ্ঠানমঞ্চে অসহায় মানুষজনকে উপহারসামগ্রী তুলে দেওয়া হবে। রাতে রয়েছে মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠানের আয়োজনও। 
সঙ্ঘের সদস্য ৪৫জন। পুজোর আয়োজন থেকে শুরু করে নানা কর্মসূচি সফল করতে ঝাঁপিয়ে পড়েছেন সৌম্যদীপ দাস, মদন বাগ, গৌতম বাগ, মনোরঞ্জন বেরা, পীযূষ কামিলা, সিল্টু বেরা, প্রদীপ কামিলা সহ প্রত্যেকে। ক্লাবের সম্পাদক পীযূষকান্তি বেরা, সভাপতি অজয় জানা, কোষাধ্যক্ষ রঞ্জিত বাগ বলেন, শুধু পুজোর আয়োজন নয়, বছরের অন্য সময় রক্তদান শিবির, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা। মানুষকে আনন্দ দেওয়া ও সেবা করাই আমাদের ব্রত। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ