সংবাদদাতা, কাঁথি: স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিস। ধৃত যুবকদের বাড়ি খেজুরির বিদ্যাপীঠ মোড় এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিদ্যাপীঠ মোড় সংলগ্ন এলাকায় একটি বালিকা বিদ্যালয় রয়েছে। অভিযুক্ত কয়েকজন যুবক ক্লাস শুরুর সময় এবং ছুটির পর স্কুল সংলগ্ন এলাকায় আড্ডা দিত। ছাত্রীদের উদ্দেশে প্রায়শই কটূক্তি করত। তাদের দিকে নানা অশালীন মন্তব্য ছুড়ে দিত। এনিয়ে ছাত্রীরা তিতিবিরক্ত ছিল। তারা বাড়িতে বিষয়টি জানানোর পাশাপাশি প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানায়। তারপর স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রীদের পরিবারের লোকজন খেজুরি থানায় অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানান। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিস।



