সংবাদদাতা, কাঁথি: খেজুরি থানার হেঁড়িয়ার দক্ষিণ কলমদান এলাকায় বরফ কারখানার মালিকের বাড়িতে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম আলেম খান, রতন দলাই, শ্রীতোষ শাসমল, মিন্টু ডাকুয়া, সমীর দাস, তাপস শাসমল ও স্বপন দলাই। তাদের বাড়ি কাঁথি, মারিশদা, পটাশপুর ও খেজুরি এলাকায়। ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ২জানুয়ারি দক্ষিণ কলমদান গ্রামে বরফ কারখানার মালিক দেবকমল সাহুর বাড়িতে বড়সড় ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা বাড়ির লোকজনকে বেঁধে রেখে ও মারধর করে লক্ষাধিক টাকার সোনার গয়না, নগদ ৪০হাজার টাকা নিয়ে চম্পট দেয়। দেবকমলবাবু থানায় অভিযোগ দায়ের করে পুলিসকে পদক্ষেপের আর্জি জানান। হেঁড়িয়া ফাঁড়ির ইনচার্জ শেখ আসিফউদ্দিনের নেতৃত্বে পুলিস তদন্তে নেমে এই সাতজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বেশিরভাগ সোনার গয়না উদ্ধার হয়েছে। তবে টাকা তারা খরচ করে ফেলেছে বলে পুলিসকে জানিয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত রড, চেন, ভোজালি সহ অন্য সামগ্রীও উদ্ধার হয়েছে। খেজুরি থানার ওসি প্রলয় চন্দ বলেন, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা আমরা জানার চেষ্টা করছি।



