সংবাদদাতা, কাঁথি: খেজুরির নিজকসবার নিমতলা বাজারে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে চুরির অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ষষ্ঠী দাস। তার বাড়ি খেজুরির গড়ং এলাকায়। সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জেরা করে পুলিস চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে নিমতলা বাজারে ওই দোকানে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকানের দরজার তালা ভেঙে ঢুকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিন সামগ্রী চুরি করে চম্পট দেয়। ঘটনার পর দোকানের মালিক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নামে। পুলিস সিসিটিভির ফুটেজ সহ নানা সূত্র ধরে ওই রবিবার রাতে যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, চুরির ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।



