Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দলেরই লোকজনের হাতে আক্রান্ত উপপ্রধান

খেজুরিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দলেরই লোকজনের হাতে আক্রান্ত উপপ্রধান
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: খেজুরি-২ ব্লকের নিজকসবা পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দলেরই লোকজনের হাতেই উপপ্রধান তারাপদ মণ্ডল আক্রান্ত হয়েছেন। অভিযোগ, গত শনিবার রাতে তাঁকে খেজুরির আলিপুর এলাকায় বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা সম্পর্কে ১১জনের নামে তালপাটিঘাট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।  গত পঞ্চায়েত নির্বাচনে নিজকসবা পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপির দখলে আসে। ২৮টি আসনের ১৬টি বিজেপি এবং ১২টি তৃণমূল দখল করে। প্রধান পদে মৌসুমি মণ্ডল ও উপপ্রধান হন তারাপদবাবু। তারাপদবাবুর বাড়ি নিজকসবা এলাকায়। শনিবার রাতে আলিপুরে দলেরই কয়েকজন রাস্তা আটকে তাঁকে মাটিতে ফেলে মারধর করে বলে অভিযোগ। হাত-পা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে তারাপদবাবুর। প্রথমে তাঁকে শিলাবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুকের একটি নার্সিংহোমে রেফার করা হয়। সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর পরিবারের লোকজন। খেজুরির তৃণমূল নেতা শ্যামল মিশ্র বলেন, আমরা জানতে পেরেছি, পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের টাকা, টেন্ডার ডাকা প্রভৃতি বিষয় নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগিকে কেন্দ্র করে রেষারেষি ও ঝামেলা বাধে। তা থেকে এই মারধর ঘটনা। খেজুরিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে। পুলিস ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে আমরা আশাবাদী। খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, কয়েকজন মিলে রাতের অন্ধকারে তারাপদকে মারধর করেছে বলে জানতে পেরেছি। তারাপদর সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার নয়।  আমরা দলীয়ভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ওসি চন্দ্রকান্ত শাসমল বলেন, অভিযোগ দায়ের হওয়ার পর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ