সংবাদদাতা, কান্দি: দু’দিনের অলচিকি ভাষা শিক্ষণ শিবিরে অংশ নিলেন শতাধিক আদিবাসী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক। প্রশিক্ষণ শেষে সফলভাবে নিজের নাম ও ঠিকানা লিখলেন অধিকাংশ শিক্ষার্থী। শনিবার ও রবিবার খড়গ্রাম ব্লকের নগর কলেজে ওই প্রশিক্ষণ শিবির চলে। জেলার একটি সংস্থা এই শিবিরের আয়োজন করে। প্রসঙ্গত, খড়গ্রাম ব্লক এলাকায় প্রায় ২৭টি আদিবাসী অধ্যুষিত গ্রাম রয়েছে। এই পরিবারগুলির ছেলেমেয়েরা বাংলা মাধ্যম স্কুলেই পড়াশোনা করে। তাঁদের নিজস্ব ভাষা অলচিকি শেখার উপায় নেই ওই বাংলা মাধ্যম স্কুলগুলিতে। এর জন্য ওই আদিবাসীদের আক্ষেপ করতে দেখা যায়। বহু বছর ধরেই বাংলা মাধ্যম স্কুলগুলিতে অলচিকি ভাষা শিক্ষার দাবি করে আসছেন তাঁরা। দু’ দিনের প্রশিক্ষণ শিবিরে শুধুমাত্র বর্ণ পরিচয় ও আংশিক পাঠ শেখানো হয়। তাতেই অত্যন্ত আগ্রহী দেখা গিয়েছিল শিক্ষার্থীদের মধ্যে। নগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌসুমী মুর্মু বলেন, নিজস্ব সংস্কৃতির বাহক অলচিকি বর্ণমালা শেখার সুযোগই আমাদের কাছে নেই। তাই আফশোস হয়। হাতের কাছে সুযোগ আসায় তার সদ্ব্যবহার করেছি।



