সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার রাতে খড়গ্রাম ও বড়ঞা থানা এলাকায় দুই প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রামের বাসিন্দা সাফের শেখ(৫৭) নিজের বাড়িতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কান্দি মহকুমা হাসপাতাল নিয়ে গেলে তিনি মারা যান। মৃতের বড় ছেলে সফিকুল শেখ বলেন, বাবা দীর্ঘদিন ধরে আলসারে ভুগছিলেন। তাঁর পেটে চরম ব্যথা হচ্ছিল। ওইদিন দুপুরে সবার অলক্ষ্যে বাড়িতে মজুত থাকা কীটনাশক খেয়ে ফেলেন। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার রাতে বড়ঞা থানার বিছুর গ্রামে গৌতম সাহার(৫১) মৃত্যু হয়। দু’দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। মৃতের শ্যালক সুপ্রভাত সাহা বলেন, জ্বর হওয়ার পর দু’দিন ধরে গ্রামের এক হাতুড়ে ডাক্তারের কাছে ওষুধ নেওয়া হচ্ছিল। ওইদিন বাড়াবাড়ি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। রাস্তাতেই তাঁর মৃত্যু হয়।



