সংবাদদাতা, কান্দি: প্রায় ছ’দিন নিখোঁজ থাকার পর নিজের গোডাউন থেকে শুক্রবার সন্ধ্যায় যুবকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম তারকনাথ সিংহ(৩১)। বাড়ি খড়গ্রামের নগরগ্রামের বাজারপাড়ায়। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নগরগ্রামের বাজার এলাকাতেই তারকনাথের ছোট গ্যাস সিলিন্ডার ও পানীয় জলের দোকান রয়েছে। দোকানের পিছনেই তাঁর গোডাউন। এদিন স্থানীয় বাসিন্দারা ওই গোডাউন থেকে দুর্গন্ধ বের হতে দেখে থানায় খবর দেন। পুলিস পৌঁছে দোকানের শাটার তুললে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায়। মাফলারের ফাঁসে তাঁর দেহ ঝুলছিল। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৪ নভেম্বর রাত ১০টা থেকে ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন পরিবারের তরফে খড়গ্রাম থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। মৃতের কাকা বিশ্বজিৎ সিংহ বলেন, নিখোঁজের পরেরদিন থেকেই বিভিন্ন জায়গায় ভাইপোর খোঁজ শুরু করা হয়েছিল। কিন্তু, কোথাও সন্ধান পাওয়া যায়নি। মৃত্যুর কারণ আমরা বুঝে উঠতে পারছি না।



