সংবাদদাতা, কান্দি: রবিবার সকালে খড়গ্রাম থানার পুড্ডা গ্রামে এক কাঠমিস্ত্রির অস্বাভাবিক মৃত্যু হল। মৃতের নাম অনিমেষ মিস্ত্রি (৪৬)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন সকালে ওই ব্যক্তিকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানান। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ব্যক্তির স্থানীয় নগরগ্রামের কুড়াপাড়া মোড়ে ফার্নিচারের দোকান ছিল। তবে দোকান চালাতে গিয়ে তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি পরিবারের। এরজন্য অবসাদেও ভূগছিলেন। আবার তাঁর হাঁপানি রোগও ছিল। এদিন সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা হয়। খড়গ্রাম থানার পুলিস জানিয়েছে, মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।



