সংবাদদাতা, বহরমপুর: মাঘী পূর্ণিমার মেলা দেখতে যাওয়ার পথে মোটর ভ্যানের সঙ্গে চারচাকা গাড়ির ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু হল। বুধবার দুপুর দেড়টায় বাদশাহি সড়কের উপর খড়গ্রাম থানার নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃতার মা, ভাই ও বোন সহ একই পরিবারের সাতজন জখম হয়েছেন। জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হলে বুধবার রাত ১২টা নাগাদ ছাত্রীর মৃত্যু হয়। নবম শ্রেণির পড়ুয়া ওই ছাত্রীর নাম বৈশাখী দাস(১৫)। তার বাড়ি খড়গ্রাম থানার সাউন্দিতে। বৃহস্পতিবার সকালে জখম পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। খড়গ্রাম থানার পুলিস ঘাতক গাড়িটিকে আটক করেছে।
Advertisement
বুধবার দুপুরে গ্রামের একটি মোটর ভ্যান ভাড়া করে ১২জন স্থানীয় সন্ন্যাসীতলায় মাঘী পূর্ণিমার মেলা দেখতে যাচ্ছিলেন। সেখানে দুপুরে খিচুড়ি প্রসাদ খাওয়ার পর মেলায় ঘুরে বাড়ি ফেরার কথা ছিল। যাওয়ার পথে বাদশাহি সড়কে পিছন থেকে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানটিকে ধাক্কা মারে। ঘটনায় চালক সহ আটজন গুরুতর জখম হন। স্থানীয় মানুষের সাহায্যে তাঁদের উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে আনা হয়। চিকিৎসক পাঁচজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃতার বাবা মিঠুন দাস বলেন, আমাদের পরিবারের আটজন ছিল। আমার স্ত্রী, ছেলে ও আর এক মেয়ে গুরুতর জখম হয়েছেন।



