সংবাদদাতা, কান্দি: পৈতৃক জমিতে ধানের বীজতলা করা নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষে এক ভাইয়ের মৃত্যু হল। শনিবার সন্ধ্যায় খড়গ্রাম থানার বিশ্বনাথপুর গ্রামে এঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম জহিরুদ্দিন শেখ(৫৪)। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খড়গ্রাম থানার পুলিস তদন্ত শুরু করেছে। তবে রাত অবধি কেউ গ্রেপ্তার হয়নি। পুলিস জানিয়েছে, পৈতৃক জমি নিয়ে বহুদিন ধরে গ্রামের জহিরউদ্দিন শেখ ও তাঁর ভাই নুর ইসলামের মধ্যে বিবাদ চলছিল। এদিন বিকেলে ওই জমিতে ধানের বীজতলা করতে গিয়েছিলেন জহিরউদ্দিন। সেখবর পেয়ে নুর ইসলামের পরিবার মাঠে গিয়ে তাঁকে বাধা দেয়। মাঠের মধ্যেই জহিরউদ্দিনের সঙ্গে নুর ইসলাম ও তাঁর ছেলে মিঠু শেখের বচসা বাধে। পরে গ্রামের ভিতরেও দুই ভাইয়ের পরিবারের মধ্যে ফের বচসা থেকে সংঘর্ষ বেধে যায়। অভিযোগ, সেসময় জহিরউদ্দিনের মাথায় বাঁশের আঘাত করা হলে তিনি মারাত্মক জখম হন। পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খড়গ্রাম থানার পুলিস এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পদমকান্দি পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, জমি-সংক্রান্ত বিবাদের জেরেই সংঘর্ষ বেধেছিল। গ্রামে পুলিস রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।



